হিন্দু ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় প্রশাসনের ব্যর্থতা দায়ী

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:৫৪
নোয়াখালীর রাজগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলা, ভাংচুর ও জ্বালিয়ে দেয়ার ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি সাবেক মন্ত্রী আ.স.ম আবদুর রব। গতকাল শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে তিনি বলেছেন, সরকার সত্যিকার অর্থে হিন্দুদের ওপর হামলার ঘটনার বিচার করতে চাইলে প্রশাসনকে তাদের ব্যর্থতার জন্য আদালতে দাঁড় করানো উচিত। রব বলেন, জামায়াত নেতা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, আর এই ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। এখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অপরাধ কি ছিল যে, এমন নির্মমভাবে জ্বালিয়ে পুড়িয়ে তাদের সবকিছু শেষ করে দেয়া হলো। আর ঘন্টার পর ঘন্টা এ তাণ্ডব চালানো হলেও তখন স্থানীয় প্রশাসন কোথায় ছিল এর জবার তাদের দিতে হবে। তিনি সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সকলকে একযোগে হামলাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান। পরে বিকালে আ.স.ম আবদুর রব কবির হাট উপজেলা সদরে জনসভায় বক্তব্য রাখেন।