নীলসাগর থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ প্রত্যাহার

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৪
নীলফামারীর সৈয়দপুর-ঢাকা রেলপথে চলাচলকারী একমাত্র বিলাসবহুল আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কম্পার্টমেন্টটি প্রত্যাহার করে নেয়া হচ্ছে। শনিবার পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত কম্পার্টমেন্টটি নীলসাগর ট্রেনে সংযুক্ত ছিল। গতকাল রবিবার থেকে ট্রেনটি থেকে ওই কম্পার্টমেন্ট প্রত্যাহার করার কথা। আর এতে করে সামপ্রতিক সময়ে সংঘটিত নাশকতার মাশুল গুণতে হবে সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস যাত্রীদের। গত ২ মার্চ জামায়াতে ইসলামীর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ছিল। রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী-ঢাকা পথে চলাচলকারী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিদেশ থেকে আমদানি করা অত্যাধুনিক ট্রেনটির পেছনের ৩টি কোচ সম্পূর্ণ পুড়ে যায়। এই নাশকতামূলক কর্মকান্ডে রেলওয়ের ৭ কোটি ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগের তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছেন। পুড়ে যাওয়া ওই তিনটি কোচের মধ্যে প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত বার্থ কম্পার্টমেন্টও ছিল। এ অবস্থায় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে প্রথম শ্রেণীর কোচের সঙ্কট দেখা দেয়।