পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ কার্যক্রম

চট্টগ্রামে পানি ও বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৪৭

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে বাধাগ্রস্ত হচ্ছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ কার্যক্রম। জেলা প্রশাসন কয়েকটি ঝুঁকিপূর্ণ বসতিতে পানি ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর বাধার মুখে পড়ে কর্মকর্তারা। গতকাল রবিবার সকালে বিদ্যুত্ ও পানির দাবিতে লালখান বাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মতিঝর্ণা ও বাটালিহীল এলাকার বসবাসকারীরা। এসময় ব্যস্ততম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

গত শনিবার লালখান বাজার এলাকার মতিঝর্ণা ও বাটালিহীল এলাকায় ঝুঁকিপূর্ণ বসতিতে পানি ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এখানে অনেক বৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ করেছেন বসবাসকারীরা। শনিবার দুপুর থেকে মতিঝর্ণা এলাকায় বৈধ ও অবৈধ মিলিয়ে কয়েক হাজার মানুষ বিদ্যুত্ ও পানি সংকটে পড়েছে। গতকাল সকাল ১১টার দিকে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ বিদ্যুত্ ও পানির দাবিতে রাস্তা অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেয়।

শনিবারের প্রশাসনের অভিযানের সময় স্থানীয় বিএনপি নেত্রী ও কাউন্সিলর মনোয়ারা বেগম মণি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম লোকজন নিয়ে বাধা দেয়। লালখান বাজার, জামালখান ও এনায়েত বাজার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মণি। জানতে চাইলে তিনি বলেন, এখানে কয়েক লাখ লোক বসবাস করে। দুর্যোগের সময় তারা লাইন কাটতে এসেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুন:সংযোগ না দিলে আমরা আন্দোলনে যাবে।’