উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি ঠাণ্ডাঝিরি গ্রামে রবিবার সকালে স্বামীর পাশবিক নির্যাতনে গৃহধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ গতকাল দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব- অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলে আসছিল দীর্ঘদিন থেকে। গতকাল সকালে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আবুল কালাম (৩৬) তার স্ত্রীর চোয়ালে আঘাত করলে ২ সন্তানের জননী মনোয়ারা বেগম (২৩) ঘটনাস্থলেই মারা যান। এব্যাপারে নিহত মনোয়ারার পিতা আলি আহাম্মদ বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
