দায়িত্বে অবহেলা বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি ক্লোজড

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৭
বগুড়া দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামকে শনিবার বগুড়া পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গত ৩ মার্চ জামায়াতের হরতালে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানা ঘেরাও এবং ভাঙচুর করে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খানের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সিপিবি নেতা আবুল বাশারের বাড়ি, জেলা আওয়ামী লীগ সদস্য আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান, সংখ্যালঘু প্র্রভাত রতন দাসের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এব্যাপারে দুপচাঁচিয়া থানায় ১০টি মামলা দায়ের করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার কারণে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গত শুক্রবার দুপচাঁচিয়ায় এসে ঘটনাস্থল পরিদর্শন করলে এলাকাবাসী ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে। এর পরের দিনই ওসিকে ক্লোজড করা হলো। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম দুপচাঁচিয়া থানার ওসিকে বগুড়া পুলিশ লাইনসে ক্লোজড করার কথা স্বীকার করেছেন।