আটক চার বাংলাদেশিকে ফেরত দেয়নি মিয়ানমার

আপডেট : ১৭ মার্চ ২০১৩, ২১:০৭
টানা ৩ দিন চেষ্টার পর অবশেষে রবিবার সকালে মিয়ানমারের নাসাকা বাহিনীর সাথে পতাকা বৈঠক করতে পেরেছে বিজিবি। মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বুধবার ঘুমধুম সীমান্তে নাসাকার হাতে ৩ পুলিশসহ ৪ বাংলাদেশি আটকের ঘটনায় গতকাল এ পতাকা বৈঠক হলেও আটক বাংলাদেশিদের ফেরত দেয়া হয়নি। কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, তিনদিনের চেষ্টায় আমরা নাসাকার সাথে পতাকা বৈঠকে বসতে পেরেছি। বৈঠকে আটক বাংলাদেশি নাগরিকদের পূর্ণাঙ্গ পরিচয় নাসাকার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। নাসাকা বলেছে, আটককৃতদের নাম-পরিচয় যাচাইশেষে শীঘ্রই তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে। বৈঠকে ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি এবং মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাসাকার মংডু হেডকোয়ার্টারের একজন উপ-পরিচালক। উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পুলিশ ফাঁড়ির কনস্টেবল ও বান্দরবান জেলা পুলিশের সদস্য ইরফান সরকার ও মুজিবুর রহমান এবং উখিয়া টেলিভিশন সমপ্রচার কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কনস্টেবল ইমরান সরকার এবং কুতুপালং বাজারের দোকানদার সাইফুল ইসলামকে বুধবার বিকাালে মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম এলাকা থেকে নাসাকা বাহিনীর ধরে নিয়ে যায়।