জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার বলেছেন, একটি স্বাধিকার আন্দোলন ও স্বায়ত্তশাসনের মধ্য দিয়ে একটি নতুন স্বাধীন বাংলাদেশ জন্ম দেয়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি ৭ মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে সেদিন শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অসীম সাহসিকতার জন্য আমরা একটি নতুন ভূখণ্ড পেয়েছি। শুধু স্বাধীনতাতেই তিনি থেমে থাকেননি তিনি মানুষের সত্যিকারের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। তিনি মুক্তি বলতে বুঝিয়েছেন সেই মুক্তি যেখানে থাকবে না কোন বৈষম্য, থাকবে না কোন শোষণ, থাকবে না কোন মানুষে মানুষে ভেদাভেদ। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হবার আহ্বান জানান।
গতকাল রবিবার কর্মজীবী নারী’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মজীবী নারী’র সমন্বয়ক রাহেলা রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সমন্বয়ক সুলতানুল আযম, মোর্শেদা জাহান হোসেন, নির্বাহী প্রশিক্ষণ কর্মকর্তা হাছিনা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, কর্মজীবী নারী সকল নারীর সচেতনতা ও মর্যাদা প্রতিষ্ঠার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর দারিদ্র্যতা, শোষণ, অনাহার, বর্ণবাদ, জাতিগত ভেদাভেদ মুক্ত সমতাভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
