বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ থেকে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে বিজিবি’র সকল রিজিয়ন ও সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন স্টাফ অফিসারগণ, নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সমন্বয়ে ২৩ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। সম্মেলন কর্মসূচির অংশ হিসাবে বিজিবি মহাপরিচালক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সাথে সাক্ষাত্ করবেন। আগামী ২৩ মার্চ এই সম্মেলন শেষ হবে।
সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা/আহত/প্রহার করা, নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানো/বিস্ফোরণ ঘটানো, ভারত হতে বাংলাদেশে ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা এবং ভায়াগ্রা/সেনেগ্রাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্যের চোরাচালান, ভারত হতে বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বিষয়ে প্রতিরোধ করার প্রস্তাব উত্থাপন করা হবে। বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লংঘন/অবৈধ পারাপার/অনুপ্রবেশ, বাংলাদেশি নাগরিকদের কারাভোগের পর বিএসএফ কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসরণ ব্যতীত জোরপূর্বক সীমান্ত অতিক্রমে বাধ্য করার বিষয়টিও বৈঠকে গুরত্ব পাবে।
