দিনাজপুরে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রবিবার ১২ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অন্যদিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্মসম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল হাসান এবং আশাশুনি উপজেলা জামায়াতের সহসভাপতি মাওলানা ইয়াছিনুর রহমানসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ বিএনপি নেতা তারিকুল হাসানকে শহরের কামাননগরস্থ ভাড়া বাড়ি থেকে আটক করে। একই সময় আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ইয়াছিনুর রহমানকে আটক করে। এছাড়া পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে দুপুরে আরো চারজন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
