যত্নআত্তি

কিচেন গ্যাজেটসের যত্ন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ১৮:২৬
আমাদের নিত্যদিনের জীবনযাপনে বাড়ির প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। আর একটি বাড়ির প্রাণ হলো রান্নাঘর। কারণ বাড়ির সবার মৌলিক চাহিদার প্রথম শর্ত পূরণ হয় এই রান্নাঘর থেকে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি রান্নাঘর আধুনিক সাজে সজ্জিত হোক আমরা সবাই চাই। এখনকার স্মার্ট গৃহিণীরা তাই আধুনিক সব তৈজসপত্র দিয়ে সাজাতে চায় তাদের রান্নাঘর। তবে শুধু সাজালেই চলবে না, এই কিচেন গ্যাজেটসগুলোর নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। লিখেছেন প্রাঞ্জল সেলিম কিচেন বা রান্নাঘরে ব্যবহার হয় যেসব গ্যাজেটস সেগুলোর মধ্যে ওভেন এবং ফ্রিজের গুরুত্ব অনেক বেশি। শহুরে জীবনে গরমকালে পেটের সমস্যা বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ অপরিষ্কার ফ্রিজ। ব্যস্ত গৃহিণীরা আজকাল সপ্তাহ খানেকের খাবার একসঙ্গে রান্না করে ফ্রিজে রাখেন। তারা জানেন না, এই খাবার দুই দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। জন্ম নেয় ব্যাকটেরিয়া। তবে একটি পরিষ্কার ফ্রিজ এই ঝুঁকি কমিয়ে দিতে পারে অনেকখানি। আর সে জন্য যেসব কৌশল অবলম্বন করতে পারেন—  প্রথমেই তাপমাত্রা নিয়ন্ত্রণকারী নবটি বন্ধ করে নিন। ফ্রিজের পানি জমে যে ট্রেতে, সেটিও বের করে পানি সরিয়ে নিন।  বাজারে যে তরল সাবান (লিক্যুইড সোপ) পাওয়া যায়, সেটি কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। ওই পানি দিয়ে ভালোমতো ধুয়ে নিন ফ্রিজের তাক, ড্রয়ারসহ সব টুকিটাকি অংশ।  এরপর ঠাণ্ডা পরিষ্কার পানিতে ফ্রিজের তাক, ড্রয়ার ইত্যাদি অন্তত দুবার ধুয়ে ভালোমতো মুছে নিন। এ ক্ষেত্রে শুকনো তোয়ালে, বা নিউজপেপার কিংবা টিস্যু ব্যবহার করবেন।  একইভাবে ধুয়ে মুছে নিন ফ্রিজের ভেতরের অংশ। খেয়াল রাখবেন ফ্রিজে যেন পানির একটি ফোঁটাও না থাকে।  সব তাক ও ড্রয়ার ধুয়ে-মুছে সেট করুন আবার ফ্রিজে। চালু করার অন্তত ১৫ মিনিট পর খাবারগুলো আবার ফ্রিজে রাখবেন। সপ্তাহে অন্তত একদিন ফ্রিজ এভাবে পরিষ্কার করবেন।  ফ্রিজে অতিরিক্ত খাবার পানি রাখবেন না, এতে ফ্রিজের ভেতরে পানি জমে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কাও বেড়ে যায়।  রক্ষণাবেক্ষণের ওপরেই নির্ভর করে ফ্রিজ আপনার খাবার কীভাবে সংরক্ষণ করবে। যেনতেনভাবে ফ্রিজ ব্যবহার না করাই ভালো।  ফ্রিজের দরজার তাকে পানির বোতাল বা ভারী কিছু রাখবেন না। অনেক ফ্রিজেই ডালা না খুলে পানি ও বরফ বের করার ব্যবস্থা থাকে। তাই ফ্রিজ কেনার আগে এসব বিষয় খেয়াল করে নেওয়া উচিত।  ফ্রিজ, ওভেন বা যেকোনো বৈদ্যুতিক যন্ত্র পরিষ্কার করার সময় অবশ্যই যন্ত্রটির বৈদ্যুতিক সংযোগ তারটি প্লাগ থেকে খুলে রাখবেন।  অনেকে রান্নার কাজে ইলেক্ট্রিক চুলা ব্যবহার করেন। রান্নার পর দেখা যায় চুলার চারধার এবং কখনো চুলার পাশের দেয়ালে তেল চিটচিটে হয়ে যায়। আর সেটা সাধারণ পানি দিয়ে ধুলে কখনোই ভালোভাবে পরিষ্কার হয় না। গরম পানি এ ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায়। স্টিলের মাজুনিতে সাবান গরম পানি মিশিয়ে দেয়াল এবং চুলার চারপাশ পরিষ্কার করুন।  প্রেসার কুকারের মরিচা দূর করার জন্য লেবুর খোসা দিয়ে ঘষে পরে পানিতে ধুয়ে নিন। মরিচা থাকবে না।  রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম বিশেষ করে চুলা, দা, বটি, ছুরি, কাঁচির কাজ শেষে পরিষ্কার করে ধুয়ে-মুছে রাখুন। ফলে এগুলোর স্থায়িত্ব বাড়বে।  ইলেক্ট্রিক ফ্লাক্স ব্যবহার করার পর কয়েক দিন ফেলে রাখলে তাতে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এক চামচ চিনি ফ্লাক্সে দিন, সমস্যা মিটে যাবে।