গানপ্রেমী কিছু মানুষের উদ্যোগে ধানমন্ডিতে দু বছর হলো যাত্রা শুরু করেছে স্টেজ, শুরুর পর থেকেই আলাদাভাবে পরিচিতি পায় রেস্টুরেন্টটি। এখানে সুস্বাদু খাবারের পাশাপাশি মনোরম ইন্টেরিয়রে বসে উপভোগ করতে পারবেন গান। চাইলে আপনিও গিটারের টুংটাং শব্দে নিজেকে মাতিয়ে নিতে পারেন। স্টেজের আয়োজন ঘুরে এসে
লিখেছন সাজেদুল ইসলাম শুভ্র আর ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
সাতমসজিদ রোড ধরে ঠিক ধানমন্ডি লেকটার উলটো পাশে স্টেজের অবস্থান। তিন তলায় আলো-আঁধারির ছোঁয়ায় দারুণ এক ইন্টেরিয়র। দিনের আলোতে সরাসরি লেকের সৌন্দর্য অথবা সন্ধ্যায় কৃত্রিম আলোয় মনোমুগ্ধকর এক আবহ। এই পরিবেশেই দারুণ এই ক্যাফে। ব্যস্ত শহরে সরাসরি মিউজিক ক্যাফের সংখ্যা খুবই কম। এর মাঝে প্রতিদিনই সংগীত আয়োজন করে চলেছে স্টেজ। হাসিব, বাপ্পী, শাওন, ফাহিম অথবা আবিদদের মতো তরুণ সংগীতপ্রেমীরা নিয়মিত সন্ধ্যায় চলে আসেন স্টেজে। করেন গান আর আড্ডায় মুখর তোলেন ঘুরতে আসা অতিথিদের। মাঝে মাঝে স্টেজ উন্মুক্ত করে দেওয়া হয় আগত অতিথিদের জন্য, চাইলে গান কেন? নাটকও করতে পারেন আমাদের মঞ্চে, মজা করে বললেন, রেস্টুরেন্টের ম্যানেজার কোরবান আলী।
ক্যাফের খাবারের দিকটার কথা বলা দরকার। এখানে সত্যি বলতে নয় থেকে দশ দেশের খাবার রয়েছে। যারা বিফের দারুণ ভক্ত তাদের অনেক পছন্দের জায়গা স্টেজ। আসলেই কেউ এখানে উপভোগ করতে পারেন বিফের বাহারি খাবার। শেফ দীপু শিকদারের হাতে তৈরি আফগান বিফ খেয়ে দেখতে পারেন। নামগুলোও সুন্দর তাদের খা্বারের। স্পাইসি কোলা বিফ, অথবা বিফ ভিন্দালো এগুলোর দাম পড়বে ৩২০ টাকা থেকে শুরু করে ৩৯৫ টাকা পর্যন্ত। স্যান্ডউইচ পাবেন ২৩৫ টাকা থেকে শুরু করে ৪২৫ টাকা পর্যন্ত। বার্গার রয়েছে ৩৫৫ থেকে শুরু করে ৪১০ টাকার মধ্যে। যারা নুডুলস পছন্দ করেন তারা উপভোগ করতে পারেন ২৩৫ টাকা থেকে শুরু করে ৩২৫ টাকায়। স্পাইসি স্পেশাল বিফ অর চিকেন পাস্তা খেতে পারেন ২৭৫ টাকায়। এই দুদিন হলো খাবারটা এনেছেন তারা। ইতোমধ্যেই সব বয়েসী সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে খাবারটি। এবার আসা যাক বেভারেজ আইটেমে। হট ড্রিংকস পাবেন ১০০ থেকে ২২৫ টাকায়। তা ছাড়া চিজ কেক, চকোলেট ব্রাউনি পাবেন ১৯৫ থেকে ২৮০ টাকায়। তরুণদের আড্ডায় মকটেল থাকবে না তা তো হতেই পারবে না। রয়েছেন বাহারি স্বাদের মকটেল ৮৫ টাকা থেকে শুরু করে ১৯৫ টাকা পর্যন্ত। জুস রয়েছে ১৫০ থেকে শুরু করে ২১৫ টাকায়। স্মুথি খাবার জন্যও দারুণ জায়গা স্টেজ। ১৯৫ টাকায় মিলবে অনেক স্বাদের এই খাবার।
স্টেজের পরিবেশটাই অন্য রকম আগেই বলেছি। এর বাইরে যারা স্মোক করেন তাদের জন্যও রয়েছে আলাদা স্মোকিং জোন। রয়েছে গেমিংয়ের ব্যবস্থা। ওয়াই ফাই থাকবে এই আয়োজনে তা তো বলাই বাহুল্য। আর এসব খাবারের দামের সাথে শুল্ক সংযুক্ত করেই দেওয়া হয়েছে। অতিরিক্ত কেবল দশ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এ ছাড়া আপনি যদি পুরো স্টেজ নিজের করে পেতে চান, দুপুরের জন্য ৫০০০ আর রাতের জন্য ১০০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। অবশ্য তখন চাইলেই আপনার পছন্দের সংগীতে মাতোয়ারা করে ফেলতে পারবেন এই মঞ্চ। এক সন্ধ্যায় গানে মুখর এক কাপ কফি খেতে চলে আসেন স্টেজে। আপনার জন্য এই মঞ্চ খোলা রয়েছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত।
