কঙ্গোর বিদ্রোহী নেতা এন্টাগান্ডার রুয়ান্ডায় পলায়ন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:০৭
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী এম-২৩ গ্রুপের অন্যতম নেতা বোসকো এন্টাগান্ডা পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডায় পালিয়ে গেছেন বলে দেশটির সরকারের তরফ থেকে রবিবার দাবি করা হয়েছে। এন্টাগান্ডা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একজন তালিকাভুক্ত আসামি। এন্টাগান্ডা দেশটির সাবেক রাজনৈতিক নেতা জিন মেরি রুনিগার নেতৃত্বাধীন বিভক্ত এম-২৩ গ্রুপের সামনের কাতারের একজন শীর্ষ যোদ্ধা বলে পরিচিত ছিলেন। একপর্যায়ে এন্টাগান্ডা ও রুনিগার মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর তাদের মাঝে দ্বন্দ্ব বাড়তে থাকে। কঙ্গো সরকারের মুখপাত্র ল্যামবার্ট মেন্ডে বার্তা সংস্থা এএফপিকে বলেন, শনিবার সীমান্ত পার হয়ে এন্টাগান্ডা পার্শ্ববর্তী রুয়ান্ডায় চলে গেছেন।