শাকিবের নয়া পরিকল্পনা

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৯
এদেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান বর্তমানে ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন নাকি ছবি হাতে নেই, সেটি এখন প্রশ্ন। তবে ক্যারিয়ারের মন্দা সময়ে এখন বাছাইকৃত ছবি দিয়েই আবার নিজের সময়টাকে ঘুরানোর চেষ্টা করছেন তিনি। এর মধ্যে নিজের কেনা গাজীপুরের বাংলোটাও এখন বিক্রি করে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র বিনিময়ের ক্ষেত্রে পরিচালক সমিতিসহ এফডিসির একাধিক সংগঠন বিরোধিতা করলেও তিনি নজর দিচ্ছেন যৌথ প্রযোজনার ছবির প্রতি। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমি চাই সার্বিক উন্নয়ন। আমাদের হলগুলোর উন্নয়ন দরকার। আর এ কারণে দরকার বড় বাজেটের চলচ্চিত্র। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ছবি তৈরি হলে বড় বাজেটের ছবিতে দর্শকরা আবারো হলমুখী হবে।’ উল্লেখ্য, জ্যাজ মাল্টিমিডিয়া নামের একটি আনকোরা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে শাকিব খানের দ্বন্দ্ব তৈরি চললেও তিনি আবার সেই ব্যানারে নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। খুব শিগগিরই ছবির নাম ঘোষণা করবেন তিনি।