মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আগামী ২০ মার্চ পঞ্চম ও শেষ সাফাই সাক্ষি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
ওই দিন সাক্ষি হাজির করতে না পারলে সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের বিষয় ধার্য করে দেয়া হবে বলে আদেশে বলা হয়। আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের টাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের জুনিয়র আইনজীবী গাজী এম এইচ তামিম হরতালের কারণে সিনিয়র আইনজীবীরা উপস্থিত হতে পারবেন না মর্মে আজ ট্রাইব্যুনালের কাছে সময় প্রার্থনা করেন এবং আসামিপক্ষের একজন সাক্ষির মাধ্যমে আরো কিছু ডকুমেন্ট প্রদর্শনের জন্য রিকল আবেদনসহ দুটি আবেদন পেশ করেন। আসামিপক্ষের করা এ দুইটি আবেদন খারিজ করে দিয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে গত ১৩ মার্চ কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন তার ভাইয়ের পক্ষে সাক্ষ্য দেয়।
