ঢাবিতে জাসদ ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ সংগঠনের নেতা-কর্মীদের হাতেই জাসদ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা লাঞ্ছিত হয়েছেন। সোমবার দুপুরে মধুর ক্যান্টিনের পাশে আইবিএ’র প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে মধুর ক্যান্টিনে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর কেন্দ্রীয় কমিটির আবদুর রহমান জাহাঙ্গীর, জ্যোতি বিকাশ সিকদার, গৌতম শীল, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির তুহিন-বাবুসহ কয়েকজন সাত্তারের সাথে সংগঠনটির আসন্ন কাউন্সিল নিয়ে মতবিরোধ ঘটে। একপর্যায়ে তারা আইবিএ ভবনের প্রধান ফটকে গিয়ে বচসায় লিপ্ত হন। সেখানে সাত্তার লাঞ্ছিত হন। এ প্রসঙ্গে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হোসাইন আহমেদ তফছির বলেন, সাত্তারকে কয়েকজন লাঞ্ছিত করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক রীতি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।