দেলদুয়ারে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ১৯ জন

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২১:০৩
দেলদুয়ারে খাদ্যে বিষক্রিয়ায় ১৯ জন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের সবাইকে দেলদুয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেলদুয়ারের মাদারকোল গ্রামে। অসুস্থ ৩জনের বাড়ি মাদারকোল গ্রামে এবং ১৬জনের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। স্থানীয়রা জানান, ১৬জনের একটি দল গাইবান্ধা থেকে দেলদুয়ারের মাদারকোল গ্রামে মিন্টু মিয়ার বসতবাড়ির দুটি কক্ষ ভাড়া করে থাকে। এখানে থেকে তারা উপজেলার বিভিন্ন জলাশয় থেকে কুঁইচা ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। রবিবার রাতে তারা রান্না করা খাবার খেয়ে আকস্মিকভাবে সবাই অসুস্থ হয়ে পড়ে। কেউ কোন কথা বলতে পারে না। সকালে ঘুম থেকে কেউ জেগে না উঠলে স্থানীয়রা থানায় সংবাদ দেন। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা অসুস্থদেরকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থদের মধ্যে গাইবান্ধা জেলার মঞ্জু, বিবু রঞ্জন, শ্যামল চন্দ্র, প্রাণ কিষ্ণ, সুজন চন্দ্র রায়, বিষু, বিধান চন্দ্র রায়, গৌরাঙ্গ চন্দ্র রায়, অনিল চন্দ্র রায়, সুরেশ চন্দ্র, পাকু চন্দ্র, প্রবাদ চন্দ্র, রঞ্জু, নারায়ণ, বিপিন রায়সহ বাড়ির মালিকের স্ত্রী রূপজান, পুত্রবধূ জেসমিন এবং নাতী ফয়সাল। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শেখ ইফতেখার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিম্নমানের খাবার তথা খাবারে পয়জন থাকার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। তবে এরা এখন আশঙ্কামুক্ত।