দীর্ঘ সাত মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি। বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে পর্যাপ্ত রোগী চিকিত্সা নিতে আসলেও প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসহ এক্স-রে সুবিধা পাচ্ছে না। বাধ্য হয়ে শহরের বিভিন্ন প্যাথলজি থেকে ঐসব পরীক্ষা-নিরীক্ষাসহ এক্স-রে করতে হচ্ছে রোগীদের। এ কারণে অর্থ ব্যয় করে দরিদ্র রোগীদের পক্ষে এসব পরীক্ষা-নিরীক্ষাসহ এক্স-রে করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিত্সকরা অনুমাননির্ভর চিকিত্সা দিতে বাধ্য হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ আগস্ট এক্স-রে মেশিনের রেজুলেশন নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন থেকে এক্স-রে মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে। এক্স-রে মেশিনটি বিকল থাকায় অলস সময় কাটাতে হচ্ছে রেডিওলষ্টকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডিএস মাহফুজুল হক বলেন, এক্সরে মেশিনটির রেজুলেন নষ্ট হওয়ার পর থেকেই সেটিকে মেরামত করার জন্য স্বাস্থ্য বিভাগের সিএমএসডিতে লিখিতভাবে ছয়বার চিঠি দেয়া হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না।
