শান্তি প্রতিষ্ঠায় আহসান উল্লাহ মাস্টারের অবদান স্মরণীয় হয়ে থাকবে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ০৫ মে ২০১৯, ২২:১০

ইত্তেফাক রিপোর্ট

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার শুধু গাজীপুর নয়, সারাদেশের কৃতী সন্তান ছিলেন। তিনি শুধু শ্রমজীবী মানুষের নেতা নন, ছিলেন গণমানুষের নেতা। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্মরণসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন। মুখ্য আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামসুন্নাহার ভুঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কূর আহমেদ, সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলীমুদ্দিন বুদ্দিন প্রমুখ।