অক্সফোর্ড সমীক্ষায় দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ শীর্ষে

আপডেট : ১৮ মার্চ ২০১৩, ২২:২১
বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্যের হার খুব দ্রুত কমতে শুরু করেছে। দারিদ্র্য বিমোচনে সবচেয়ে অগ্রগামী বাংলাদেশ, নেপাল ও রুয়ান্ডা। দারিদ্র্য দূর করার বর্তমান হার বজায় থাকলে আগামী ২০ বছরের মধ্যে এ দেশগুলোতে চরম দরিদ্রতা সমূলে উত্পাটন করা সম্ভব হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘দারিদ্র্য ও মানব উন্নয়ন পদক্ষেপ’ শীর্ষক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় গত রবিবার সমীক্ষার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে এগিয়ে রয়েছে যে দেশগুলো তাদের মধ্যে চমত্কার পারফরমেন্স দেখাচ্ছে বাংলাদেশ, রুয়ান্ডা ও নেপাল। এসব দেশের বর্তমান প্রজন্মের তাদের দেশ থেকে দারিদ্র্য ও বঞ্চনা মুক্তি দেখার সৌভাগ্য হবে। এ ছাড়াও ঘানা, তানজানিয়া, কম্বোডিয়া এবং বলিভিয়া দারিদ্র্য দূরীকরণে বেশ এগিয়ে গেছে। গত সপ্তাহে জাতিসংঘের সর্বশেষ মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয়। এতে দেখা গেছে, বিশ্বের উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করছে। কমপক্ষে ৪০টি দেশ দারিদ্র্য থেকে বেরিয়ে একটি মধ্যম শ্রেণীর দেশে পরিণত হচ্ছে। বিশ্বের ইতিহাসে দারিদ্র্য দূরীকরণে এত দ্রুত ও নাটকীয় অগ্রগতি আর কখনো দেখা যায়নি। এই অগ্রগতির নেপথ্যে কাজ করেছে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, অবকাঠামো এবং সুপেয় পানি সরবরাহে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগ। এদিকে জাতিসংঘের ২০১৩ সালের রিপোর্টে বহুমাত্রিক দারিদ্র্যসূচকে (এমপিআই) বঞ্চনা পরিমাপে পুষ্টি, শিশু মৃত্যু, স্কুলে যাওয়া ও উপস্থিতি, জ্বালানি তেল, পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিদ্যুত্— এসব পরিমাপক ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য পরিমাপের জন্য শুধু আয়ের দিক বিবেচনা করা ঠিক নয় বলেই এ সূচকগুলো বিবেচনায় নেয়া হয়েছে।