দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর মেয়র হাজী মহিদুল ইসলাম ও প্যানেল মেয়র’র শরিফউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত্, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন বিষয়ে ফুঁসে উঠেছে পৌর পরিষদের ১০ জন কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে পৌরসভার সভাকক্ষে ১০ জন কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা এক জরুরি সভায় মিলিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ দিনের মধ্যে উত্থাপিত সমস্যার সুষ্ঠু সমাধান না হলে আগামী ২১ মার্চ এসব কমিশনাররা একযোগে পৌর পরিষদ থেকে পদত্যাগ করার হুমকিও দেয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনা পৌর পরিষদের কমিশনারদের পাশ কাটিয়ে কতিপয় কর্মকর্তা, পৌর মেয়র হাজী মহিদুল ইসলাম ও প্যানেল মেয়র কমিশনার শরিফউদ্দিন যোগসাজশে বিভিন্ন ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পরিষদের ১০ জন কমিশনার স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে দেয়া অভিযোগপত্রে জানানো হয় মেয়র ও প্যানেল মেয়রের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মেয়র ও প্যানেল মেয়রকে আগামী ২ দিন সময় দিয়ে এসব অভিযোগের সুষ্ঠু সমাধান করার আহবান জানানো হয়। তা না হলে আগামী ২১ মার্চ সকল কমিশনাররা একসাথে পদত্যাগ করবে বলে হুমকি দেয়া হয়েছে। এবিষয়ে পৌর মেয়র হাজী মহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে উত্থাপিত কমিশনারদের অভিযোগ সত্য নয়। অপরদিকে প্যানেল মেয়র শরিফউদ্দিন বলেন, আমার ও মেয়রের বিরুদ্ধে কমিশনাররা যে অভিযোগ তুলেছে তা একবারেই মিথ্যে ও বানোয়াট।
