পাশ থেকে যাওয়ার সময় বাহবা দেয়ার মতো করে পিঠে হাত রাখলেন কুমার সাঙ্গাকারা। কথা বলার সময়ও বারবার তার কথা বলে গেলেন শ্রীলংকান গ্রেট সাঙ্গাকারা। এরপর উপস্থাপক রাসেল আরনল্ড প্রশ্ন করলেন, ‘সাঙ্গাকারা আর আপনার তো অনেক মিল। এখন কী সাঙ্গাকারার মতো উইকেটকিপিংটা ছেড়ে শুধু ব্যাটিং করার পরিকল্পনা করছেন?’ একটু লাজুক হাসলেন তিনি। তারপর বললেন, ‘এখনও সময় হয়নি। সাঙ্গাকারার অবস্থানে যেতে অনেক অনেক দেরি।’
বলে দেয়ার দরকার নেই নিশ্চয়ই, এই বিনয়ী-লাজুক মানুষটি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের সামনে সুযোগ ছিল বাংলাদেশের ইতিহাস গড়া অধিনায়ক হয়ে যাওয়ার। সুযোগ ছিল শ্রীলংকাকে সিরিজে হারিয়ে প্রথম বড় দলের বিপক্ষে সিরিজ জয়ী অধিনায়ক হয়ে যাওয়ার। সে সুযোগ যেভাবেই হোক নষ্ট হয়ে গেছে। চার দিনে কলম্বো টেস্ট হেরে সিরিজও হেরেছে বাংলাদেশ।
মুশফিক এই সিরিজ হারের জন্য নিজেদের ব্যাটসম্যানদের ওপরই দায় নিচ্ছেন। তাও প্রথম ইনিংসই আসলে ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে, ‘আউটফিল্ডে কিছু সমস্যা ছিল। তাই রান প্রত্যাশার চেয়ে কম উঠেছে। তবে এরপরও আমাদের আরও শ খানেক রান করা উচিত ছিল। সেক্ষেত্রে আমরা ভালোমতো লড়াইয়ে থাকতাম।’
দ্বিতীয় ইনিংসেও যে বাংলাদেশের অন্যরকম কিছু করার সুযোগ ছিল সেটা মেনে নিলেন মুশফিক। তবে এখন এই হারা ম্যাচের অপ্রাপ্তি খোঁজার চেয়ে এই সিরিজের প্রাপ্তিগুলোর দিকে বেশি করে তাকাতে চান বাংলাদেশ অধিনায়ক। বলছেন, ‘আমরা এই সিরিজ থেকে অনেক পজেটিভ ব্যাপার নিতে পারছি। তরুণরা অসাধারণ খেলেছে। মোমিনুল খুবই ধারাবাহিক ছিল, নাসির ভালো খেলেছে। আশরাফুল ভাই ফিরে ভালো করেছে। আমাদের বোলাররা উইকেট পক্ষে না থাকার পরও ভালো বল করে গেছে। এখন এসব ব্যাপার কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজে ভালো ফল চাই।’
