বার্সেলোনার ভারপ্রাপ্ত কোচ জর্দি রৌরা দলের সাফল্যে ডেভিড ভিয়ার অবদানের প্রশংসা করেছেন। রৌরা মনে করেন ভিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে দলে।
স্পেনের জাতীয় দলে খেলা ভিয়ার গত মৌসুমটা ভাল ছিল না। কিন্তু চলতি মৌসুমে সুযোগ পেলেই নিজের গুরুত্ব প্রমাণ করে চলেছেন তিনি। যদিও দলে নিয়মিত নন তিনি। প্রথম একাদশে ভিয়াকে পাওয়া যায়নি অনেক ম্যাচেই। বর্তমানে ৩১ বছর বয়সী এই খেলোয়াড় সম্প্রতি স্পেনের বড় দল বার্সেলোনার হয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন।
গত রবিবার লা লিগায় বার্সেলোনা ৩-১ গোলে রায়ো ভায়েকানোকে হারিয়ে দেয়। এই ম্যাচে ভিয়া একটি গোল করেন। পাশাপাশি অবদান রাখেন দুই গোলে জোগান দিয়ে। রৌরা ভিয়ার খেলার ধরনের প্রশংসা করেন। ভিয়া ফর্মে ফেরায় খুশি তিনি। রৌরা বলেন, ‘আমি সব সময় বলেছি ভিয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এখনই সময় তার ফিরে আসার। সে বিশেষ খেলোয়াড় এবং গোলও করতে পারে। এই সপ্তাহে সে আমাদের জন্য অপরিহার্য।’ তিনি আরো যোগ করেন, ‘অসাধারণ মানসম্পন্ন খেলোয়াড় সে। গুরুত্বপূর্ণ ম্যাচে সে ভাল খেলে এবং গোলও করে। মিলানের বিপক্ষে একটি গোল করেছিল সে যেটা আসলেই মানসিক দৃঢ়তার পরিচয় দেয়।’
লা লিগায় বার্সেলোনা পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও দুই দলের ব্যবধান ১৩ পয়েন্টের। রৌরা বলেন, ‘অস্বীকার করার কিছু নেই যে আমরা ভাল অবস্থানে রয়েছি। তারপরও কিছুই এখনো জয় করা হয়নি। প্রতি সপ্তাহে আমরা একটু একটু করে শিরোপার কাছে যাচ্ছি।’
