টি-টোয়েন্টি বিশ্বকাপ

কাজ শুরু করছে এলওসি

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:৫২
বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকী। আগামী বছর, ২০১৪ সালের ১৪ মার্চ পর্দা উঠবে এই মহাযজ্ঞের। অথচ এখন পর্যন্ত সে অর্থে তেমন কর্মচাঞ্চল্য নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অবশেষে জানা গেল, এই কর্মযজ্ঞ শুরু করতেই লোকাল অর্গানাইজিং কমিটিও (এলওসি) গঠন করে ফেলেছে বিসিবি। আগামী মাসে লোগো উন্মোচনের ভেতর দিয়ে শুরু হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা। এলওসির পরিচালক হিসেবে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে তানভীর হোসেনকে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির এডহক কমিটির সদস্য সাজ্জাদুল আলম ববি, ‘তার নাম প্রস্তাব করা হয়েছে। এখনো চূড়ান্ত হয়নি’। অবশ্য বিসিবির এডহক কমিটির সদস্য ইসমাইল হায়দার মল্লিক বললেন, গতকালই কাজ শুরু হয়ে গেছে তানভীরের, ‘তাকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি আজ (গতকাল) থেকেই কাজ শুরু করবেন’। তানভীর হোসেনের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠল। ইসমাইল হায়দার মল্লিক অবশ্য এই প্রশ্নট কে গুরুত্বপূর্ণ মনে করছেন না, ‘মূলত বোর্ড সভাপতিই এলওসির চেয়ারম্যান হিসেবে টুর্নামেন্টের দেখভাল করবেন। তাছাড়া তিনি (তানভীর) বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের প্রধান ছিলেন তিনি। সোনারগাঁও হোটেল ও বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলসের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেগাসাস ও গুলশান ইয়ুথের হয়ে ক্রিকেটও খেলেছেন তিনি। কয়েকজন এই পদের জন্য আবেদন করেছেন, কিন্তু তাকে আমাদের কাছে যোগ্য মনে হয়েছে তাই তাকে নিয়োগ দেয়া হয়েছে’। প্রায় ৬০/৭০ কোটি টাকা ব্যয়ে ২০১১ বিশ্বকাপ আয়োজন করেও বিসিবির আয়ের পরিমাণ ছিল অনেক বেশি। এর পেছনে লোকাল অর্গানাইজিং কমিটির দক্ষতার অনেক বেশি কাজে দিয়েছে। কিন্তু একটি বিশ্বকাপ এককভাবে আয়োজনের ক্ষেত্রে এরকম কাউকে দায়িত্ব দেয়া হলেও বিশ্বকাপ সফলভাবে শেষ করা নিয়েও প্রশ্ন উঠবে। অবশ্য মল্লিক বলেন, ‘কেউ তো শুরু থেকে অভিজ্ঞতা নিয়ে আসে না। মিনি বিশ্বকাপ আয়োজন করার আগে তখনকার লোকদেরও অভিজ্ঞতা ছিল না। তারচেয়ে বড় কথা, তানভীর হোসেন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের প্রধান ছিলেন’। আগামী বছর ১৪ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ঢাকার মিরপুর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। প্রাকটিস ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামকে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি কক্সবাজারে অনুষ্ঠিত হয়; সেক্ষেত্রে বিকেএসপির দুই ও তিন নম্বর মাঠে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর প্রাকটিস ভেন্যু হিসেবে ঠিক করবে বিসিবি। কক্সবাজার স্টেডিয়ামের কাজ সময়মত শেষ না হলে বিকেএসপিতে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সরকার থেকে এখনো জমি বুঝে পায়নি তারা। তাই বিসিবিও কাজ শুরু করতে পারছে না। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৬ এপ্রিল ঢাকার স্থানীয় একটি হোটেলে বিশ্বকাপের লোগো উন্মোচন হবে। লোগো উন্মোচন অনুষ্ঠানকে সামনে রেখে কাল রাতে কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিসিবির কাছে নিজেদের পরিকল্পনা প্রদর্শন করেছে। গত বিশ্বকাপের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে কিনা প্রশ্নে মল্লিক বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট এখনো ঠিক করা হয়নি। তবে তাদের কাজ ভালো হলে তাদেরও অগ্রাধিকার দেয়া হবে’।