পোপ ফ্রান্সিস গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের শুরুতেই সমবেত ভক্তদের সামনে দেয়া ভাষণে সমাজের দরিদ্র এবং দুর্বল জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দেয়ার জন্য বিশ্ব নেতৃত্ববৃন্দসহ বিশ্বের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন পোপ ফ্রান্সিস। এ ব্রত গ্রহণ না করলে মানুষ ধ্বংসের পথে এগিয়ে যাবে বলে সতর্ক করেন তিনি। খবর রয়টার্স ও বিবিসির।
রোমের সেন্ট পিটার্স স্কয়ারে তার ভাষণ শুনতে গতকাল সমবেত হয় প্রায় ২ লাখ মানুষ। এ ভাষণের মধ্যদিয়ে অভিষেক হয় পোপ ফ্রান্সিসের। গত সপ্তাহে ধর্মযাজকদের ভোটে নির্বাচিত হয়েছেন পোপ ফ্রান্সিস। গত ২৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যগত কারণে পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন ফ্রান্সিস। এর আগে আর্জেন্টিনায় তিনি ছিলেন কার্ডিনাল হোর্হে মারিও বেরগোলিও। আমেরিকা থেকে তিনিই নির্বাচিত প্রথম পোপ। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দরিদ্রদের পক্ষেই কথা বলে আসছেন। দরিদ্রবান্ধব চার্চ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল স্থানীয় সময় সকাল নয়টায় সেন্ট পিটার্স স্কয়ারে যান পোপ। এ সময় লাখো ভক্ত পতাকা নেড়ে পোপের প্রতি শুভ কামনা জানায়। ভাষণের শুরুতেই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর নির্ধারিত উত্তরীয় শরীরে জড়ান পোপ ফ্রান্সিস। এরপর পোপের জন্য নির্ধারিত আংটি দেয়া হয় তাকে। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন তিনি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজা-রাণী অনুষ্ঠানে উপাস্থত ছিলেন।
ফ্রান্সিস অব অ্যাসিসির উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, শুধু খ্রিস্টানরাই জীবের রক্ষক নন। এর অর্থ বিশ্বের সৌন্দর্য সৃষ্টির সব কিছু রক্ষা করা। ঈশ্বরের সব সৃষ্টির প্রতি সম্মান জানানো, আমাদের পরিবেশের প্রতি সম্মান জানানো। সবার প্রতি ভালবাসা প্রদর্শন বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অভাবিদের পাশে দাঁড়ানো। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক জীবনে দায়িত্ববানদেরকে সৃষ্টিশীলতা রক্ষা করে চলার আহ্বান জানিয়ে পোপ বলেন, এ পথেই আছে আশার আলো। অন্যথায় মানুষ ধ্বংস, নির্মমতা আর মৃত্যুর পথে ধাবিত হবে।
