মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমেদের স্ত্রী আয়েশা ফয়েজের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা। গত সোমবার সকালে ঢাকার পল্লবীস্থ তার বাড়ির গেটে কয়েকজন দুর্বৃত্ত পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এক বিবৃতিতে তারা বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমরা আয়েশা ফয়েজ এবং তার পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবালসহ রত্নগর্ভা আয়েশা ফয়েজের সকল সন্তান এদেশে প্রতিক্রিয়াশীল ও মৌলবাদী গোষ্ঠীর ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন এবং এখনো আছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাদেশে চলমান গণআন্দোলনে আয়েশা ফয়েজ এবং তার সন্তানরা জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। গণতন্ত্রের চেতনাবিরোধী অপশক্তি ধর্মীয় সংখ্যালঘু ও প্রগতিশীল শক্তির উপর পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে। আয়েশা ফয়েজের বাড়িতে এই বোমা হামলা সেই ধারাবাহিক আক্রমণের অংশ হতে পারে বলে আমাদের দৃঢ় সন্দেহ। আমরা এই বোমা হামলার সুষ্ঠু তদন্ত দাবি করছি। পাশাপাশি আয়েশা ফয়েজ এবং তার পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন—অধ্যাপক আনিসুজ্জামান, ড. আনিসুর রহমান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান আজিজুল হক, ড. সনজীদা খাতুন, সুলতানা কামাল, অধ্যাপক শামসুজ্জামান খান, ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ড. শাহদীন মালিক, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আলী যাকের, সেলিনা হোসেন, পান্না কায়সার, খুশি কবীর, মেঘনা গুহ ঠাকুরতা, গোলাম কুদ্দুস, মিতা হক, রোকেয়া কবীর, মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।
