নৌবাহিনীর জালে শেখ জামালের আট গোল

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:৪৫
শেখ জামাল ধানমন্ডি ক্লাব নৌবাহিনীকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মোহামেডানের সাথে সমানে পাল্লা দিয়ে যাচ্ছে। দুই খেলা শেষে উভয় দলের অর্জন ছয় পয়েন্ট করে। নাইজেরিয়ান ফরোয়ার্ড আলফ্রেড ইমোফির হ্যাটট্রিকে গতকাল কমলাপুর স্টেডিয়ামে প্রতিযোগিতার এ গ্রুপের খেলায় শেখ জামাল ৮-০ গোলের বড় জয় তুলে নেয় দুর্বল নৌবাহিনীর বিরুদ্ধে। ফলে আগামী সোমবার গ্রুপের দুই শক্তিশালী দল মোহামেডান ও শেখ জামালের মধ্যকার খেলাটিতে জয়ীরা যাবে শেষ চারে। শেখ জামাল যে নৌবাহিনীর বিরুদ্ধে ম্যাচ জিতবে এমনটা অনুমেয় ছিল স্থানীয় ফুটবল দর্শকদের কাছে। কিন্তু ব্যবধান কতটা হবে তা ধারণা ছিল না ফুটবলামোদীদের। এখন আট গোলের ব্যবধানে জয়ের কারণে মোহামেডানের সাথে লড়াইয়ের আগে চাঙ্গা থাকলো দলটি। কেননা নৌবাহিনী এর আগে ০-২ গোলে হেরেছে মোহামেডানের কাছে। সঙ্গত কারণেই গোল গড়ে এগিয়ে আছে শেখ জামাল। তাই শেখ জামাল গ্রুপের শেষ খেলাটিতে জয়ের পরিবর্তে ড্র করলে গোল গড়ের উপর ভর করে সেমিফাইনালের টিকিট পাবে। ড্র হলে মোহামেডানকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। কারণ সেরা রানার্সআপ হওয়ার একটা সুযোগ থেকে যাবে। সেটা পেতে পারে মোহামেডানও। সেই অপেক্ষায় থাকার চেয়ে শেখ জামালকে হারানোর লক্ষ্য নিয়ে তারা নামবে। শেখ জামাল ম্যাচ জয়ের অপেক্ষায় থাকতে চায় না। তারা ড্র করলে গোল গড়কে যাতে কাজে লাগাতে পারে সেজন্য কাল নৌবাহিনীর ওপর গোলের বন্যা বইয়ে দিল। ব্যবধান আরো বড় হতে পারত। কারণ নৌবাহিনীর ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন। গোলমুখে মুখ থুবড়ে পড়েছিল দলের ডিফেন্ডাররা। তারপরও গোলের সংখ্যা দুই অংকের ঘরে গড়ায়নি। নৌবাহিনীর সেলিম রেজা, কামাল, আরিফ, মোনায়েমরা শেখ জামালের রক্ষণভাগ ঠেকাতে ব্যস্ত ছিলেন। তাদের সাথে গোলকিপার পারভেজ ব্যস্ত ছিলেন আলফ্রেড, সানডে, চিবুইকে, আলমগির রানাদের ঠেকাতে। ব্যবধান ৫-০ হওয়ার পর নৌবাহিনী গোলকিপার পরিবর্তন করে হাসানকে নামিয়েছিল। তিনিও চেষ্টা করেছেন কিন্তু লাভ হয়নি। খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল শেখ জামাল। ২১, ৩৬, ৩৮ মিনিটে হ্যাটট্রিক করেন নাইজেরিয়ান এই ফুটবলার আলফ্রেড, ৫৫ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। ২৭, ৮৯ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা ২টি, ৭৮ মিনিটে মিডফিল্ডার সোহেল এবং ৯০ মিনিটে স্ট্রাইকার সোহেল রানা গোল করেন। সানডে একাধিক গোল নষ্ট করেছেন। তা না হলে তিনিও হ্যাটট্রিক নিয়ে বাড়ি ফিরতে পারতেন। আজ টুর্নামেন্টে কোন খেলা নেই। আগামীকালকের খেলা ঃ আবাহনী ঃ ব্রাদার্স, কমলাপুর স্টেডিয়াম বিকাল ৩টা ১০।