পাকিস্তান আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিংসমিডে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা সফরকারীদের জয়ের স্বপ্ন জিইয়ে রাখতে হলে এদিন জয়ের কোন বিকল্প নেই।
ব্লুমফন্টেইন এবং সেঞ্চুরিয়নে একপেশে দুটি খেলার পর সিরিজে কিছুটা হলেও রং যোগ করে জোহানেসবার্গের তৃতীয় ওয়ানডেটি। বড় সংগ্রহের এ ওয়ানডেতে স্বাগতিকদের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের পাশাপাশি দর্শকদের বিনোদন যোগায় শহীদ আফ্রিদির ব্যাটিংও। দুদলের শক্তিমত্তার পাশাপাশি দুর্বলতার দিকগুলোও ধরা পড়ে খেলায়। দুদলকেই ভুগিয়েছে নিজেদের বোলিং বিভাগ।
ইনজুরি সমস্যায় জর্জরিত পাকিস্তান সিরিজে ফিরে আসার লড়াইয়ে আজ হয়তো মাঠে নামবে পেসার উমর গুলকে ছাড়াই। ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি তিনি। অপরদিকে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে জ্বলে ওঠা ইরফান খানের জন্য হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। ইনজুরির জন্য নিশ্চিত নন তিনিও। এই দুজনের বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে ফর্মে থাকা বোলার সোহেল তানভীরকে। তানভীর খেলতে পারেন ওয়াহাব রিয়াজের বদলেও।
স্বাগতিকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। সর্বশেষ ম্যাচে ১৯ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলা ফ্যাফ ডু প্লেসিস নিতম্বের ইনজুরির জন্য নিশ্চিতভাবেই থাকছেন না আজ।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার ডাক্তার মোহাম্মেদ মোসাজি বলেন, ‘গত কিছুদিন ধরেই ফ্যাফ নিতম্বের ইনজুরিতে ভুগছে। চোট পরীক্ষা করে দেখা গেছে, তার লাম্বার কশেরুকায় অস্বাভাবিকতা দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে মোড় নিয়েছে। তাই চলতি সিরিজ থেকে তাকে প্রত্যাহার করা জরুরি হয়ে পড়েছিল। একই সঙ্গে তাকে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম চারটি সপ্তাহ না খেলার কথা বলা হয়েছে।’
তার বদলে দলে ডাক পেয়েছেন হাইভেল্ড লায়ন্সের ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দলে পরিবর্তন আসতে পারে আরো একটি। ররি ক্লেইনভেল্টে অথবা লোনওয়াবো সোতসোবের বদলে নিজের হোমগ্রাউন্ডে সুযোগ পেতে পারেন কাইল অ্যাবোট।
