ধাওয়ানের পরিবর্তে শেষ টেস্টের দলে রাইনা

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:৪৯
ইনজুরি আক্রান্ত শিখর ধাওয়ানের জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী ২২ মার্চ দিল্লিতে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। অভিষেক ইনিংসেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানো ধাওয়ান বাঁহাতে চোট পাওয়ায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন। বিসিসিআইয়ের বরাতে জানা গেছে এ তথ্য। মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে অজি ব্যাটসম্যান ফিলিপ হিউজের একটি স্কোয়ার ড্রাইভ ঠেকাতে গিয়ে বাঁহাতে চোট পান ধাওয়ান। আর চোটের কারণে সেদিন তো বটেই, উপরন্তু দলের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নামা হয়নি ধাওয়ানের। ফলে টিম ম্যানেজমেন্টের পরামর্শে নির্বাচকরা ধাওয়ানের বদলী হিসাবে গৌতম গম্ভীরকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেন। ধাওয়ানকে জায়গা দিতেই তৃতীয় টেস্টে বাদ দেয়া হয়েছিল গম্ভীরকে। তবে গৌতমের ফিটনেস টেস্টের সময় রক্তে জন্ডিসের জীবাণু পাওয়া যাওয়াতে শেষ পর্যন্ত ভাগ্য খোলে রায়নার। রায়না ২০১২ সালের সেপ্টেম্বরের পরে আর কোন টেস্ট খেলেননি। তবে গত ফেব্রুয়ারিতে ইরানি ট্রফিতে মুম্বাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটসম্যান। ধাওয়ানের ইনজুরিতে ভাগ্য খুলে যেতে অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেরও। কারণ মুরালি বিজয় ছাড়া নিয়মিত ওপেনার হিসাবে স্কোয়াডে আছেন কেবল রাহানেই। তবে রায়না খেললে হয়তো রাহানের অভিষেকের অপেক্ষা আরো দীর্ঘ হবে। সেক্ষেত্রে মোহালি টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো বিজয়ের উদ্বোধনী সঙ্গী হিসাবে দেখা যাবে চিতেশ্বর পূজারাকে। এদিকে ইনজুরি সমস্যা হানা দিয়েছে অজি শিবিরেও। ফাস্ট বোলার মিচেল স্টার্ক থাকছেন না দিল্লি টেস্টে। ডান পায়ের গোড়ালির পুরনো চোট মাথাচাড়া দেয়ায় এরই মধ্যে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার জানিয়েছেন, অ্যাশেজের জন্য পুরোপুরি সুস্থ অবস্থায় পাবার জন্য স্টার্ককে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিরিজে এখনো পর্যন্ত অস্ট্র্রেলিয়ার অন্যতম সেরা পারফর্মার স্টার্কের বদলে ডাক পেতে পারেন মিচেল জনসন। ইতোমধ্যে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার জন্য আরো বড় দুঃসংবাদ হয়ে এসেছে অধিনায়ক মাইকেল ক্লার্কের ইনজুরি। পিঠের ব্যথার কারণে শেষ টেস্টে অনিশ্চিত তিনি। সেক্ষেত্রে সদ্য পুত্রসন্তানের বাবা হওয়া সহ-অধিনায়ক শেন ওয়াটসনকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায়। আর ক্লার্ক এবং ওয়াটসন দুইজনেই খেললে জায়গা হারাবেন আগের টেস্টের দুই হাফ সেঞ্চুরিয়ান স্টিফেন স্মিথ এবং ফিলিপ হিউজের যে কোন একজন।