বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ নির্বাচনের পর সংসদে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত সঠিক ছিল না। শুধুমাত্র সস্তা স্লোগান দিয়ে কথা বললে চলবে না। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কারণেই যে, আমাদেরকে দুই দিকেই লড়াইটা করতে হবে। ভেতরের থেকেও কথা বলতে হবে, বাইরে থেকেও কথা বলতে হবে। সংসদে চার সদস্য শপথ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা অতীতে বলেছিলাম যে আমরা যাবো না, সেই সময়ে তাত্ক্ষণিকভাবে সেই সিদ্ধান্তটা সঠিক ছিল বলে মনে হয় না। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।
বিএনপির সংসদ সদস্যের সংসদে যোগদান নিয়ে দলের ভেতরে নানা প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ফখরুল একথা বলেন। সম্মিলিত ছাত্র ফোরামের উদ্যোগে সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শাহিন শওকত, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের ইয়াসিন আলী, শফিকুল ইসলাম মিল্টন, নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি ঐক্যবদ্ধ দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের দল ঐক্যবদ্ধ আছে। এতোটুকু সমস্যা নেই। আমরা কঠিন সময় অতিক্রম করছি। বিপদকে সামনে নিয়েও আমাদের এগিয়ে যেতে হবে। কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। বুক বেঁধে সোজা হয়ে দাঁড়ান। নেভার গিভ আপ। দলের বিষয়ে কোনো বক্তব্য থাকলে তা দলীয় ফোরামের বাইরে না বলার জন্য নেতাদের প্রতি অনুরোধ করে মির্জা ফখরুল বলেন, নেগেটিভ নয়, পজেটিভ চিন্তা করতে হবে।
খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে আবারো তার নিঃশর্ত মুক্তি দাবি করে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ। আমরা বলে দিতে চাই, কারাগারের মধ্যে তার যদি স্বাস্থ্যের অবনতি ঘটে তার সকল দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।
