দুই হাজার শিল্প উদ্যোক্তা তৈরির অঙ্গীকার ডিসিসিআইর

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:০৩
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) পরিকল্পিত শিল্পায়নের উদ্যোগ জোরদার করতে ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে তরুণ ও মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থায়ন, তথ্য সেবা ও প্রশিক্ষণ দেয়া হবে। এর ফলে প্রায় ৪০ হাজার লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে একথা জানান। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিসিসিআইর সভাপতি মো. সবুর খান, সিনিয়র সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, হুমায়ুন রশিদ, এম. আবু হোরায়রা, খন্দকার শহীদুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সালামসহ অন্যান্য কর্মকর্তা ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. খলিলুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে ডিসিসিআইর নেতারা বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশে ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত থাকায় মহাজোট সরকারের প্রশংসা করেন।