সাভারে পুলিশের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, আহত ১৫

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২০
ঢাকার অদূরে সাভারে পুলিশের বাধার মুখে গতকাল পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ। এসময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় সাবকে মন্ত্রী আমান উল্লাহ আমান ও সাভার আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর মুক্তি ও বৃহস্পতিবারের ডাকা হরতাল সফল করার দাবিতে এক সমাবেশের ডাক দেয় সাভার উপজেলা বিএনপি। দলটির কয়েকশ নেতাকর্মী সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং মিছিলকারীদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সমাবেশকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে। সাভার পৌর বিএনপির নেতা শাহ মঈনুল হোসেন বিল্টু জানান, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগদানের সময় পুলিশ বিনা উস্কানিতে তাদের কর্মসূচিতে বাধা দেয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বিএনপির নেতা-কর্মীরা যান চলাচলে বাধার সৃষ্টি করলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। বর্তমানে পরিস্থতি স্বাভাবিক রয়েছে।