গত ১৮ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে এবং গত মঙ্গলবার পিরোজপুরের সমাবেশে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সমবেত করে দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রধানমন্ত্রীর পদে থেকে ঐ ধরনের বক্তব্য তার মুখে মানায় না। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনীর দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে ও লোকজন ভাড়া করে পিরোজপুরে জনসভার আয়োজন করেছেন। আপনি দলীয় লোকদেরকে দেখিয়ে বলছেন, ‘পিরোজপুরবাসী সাঈদীর বিচার চায়।’ আপনি একবার সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে পিরোজপুরে যাওয়ার সুযোগ দিয়ে দেখুন, সাঈদীর জনসভায় আপনার সমাবেশের চাইতে ৫০ গুণ বেশি লোক উপস্থিত হয়ে আপনার মিথ্যাচারের জবাব দিবে। জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এ চ্যালেঞ্জ ঘোষণা করছি। সাহস থাকলে এ চ্যালেঞ্জ গ্রহণ করুন। মাওলানা রফিকুল ইসলাম খান অপর এক বিবৃতিতে সিলেটের বিশ্বনাথে জামায়াতে ইসলামীর নেতাকে গুলি করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
