অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাজনীতিতে হরতালের প্রয়োজনীয়তা আছে, তবে তা সহিংস হলে প্রগতি ও উন্নয়নের পথে বাধা হয়ে উঠে। হরতাল জাতীয় শত্রুতে পরিণত হয়েছে। হরতালকে দেশ থেকে বিতাড়িত করা সকলের কাম্য। এটিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিতে হবে।
বুধবার রাজধানীর বিদ্যুত্ ভবনের বিজয় হলে ফেঞ্চুগঞ্জ ১৬৩ মেগাওয়াট ক্ষমতার (আইপিপি) গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটের পল্ল¬ী বিদ্যুত্ কেন্দ্রের ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র ও পল্লী বিদ্যুত্ অফিস ভাংচুর করে পুড়িয়ে দেয়ার ঘটনার নিন্দা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, যারা ধর্ম নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
এদিকে বর্তমানে গ্যাস সংকটের কারণে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুত্ কম উত্পাদন হচ্ছে। এই অবস্থায় আরো একটি নতুন গ্যাসভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের চুক্তি সর্ম্পকে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বলেন, এ কেন্দ্রে গ্যাস সরবরাহের বিষয়ে পেট্রোবাংলার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। পিডিবির পক্ষে কোম্পানি সচিব আজিজুল ইসলাম এবং কুশিয়ারা পাওয়ার কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি সচিব মোজাম্মেল হক খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
