গতকাল এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের দুটি খেলা শেষেই সাধারণ হিসাবে টুর্নামেন্টের মূল পর্বে যোগ দেয় বাংলাদেশ। কিন্তু এই হিসাবটাকেই সন্ধ্যা অবধি জটিল করে তুললো দুটি ঘটনা—‘ই’ গ্রুপ থেকে ব্রুনাই দারুসসালামের হঠাত্ নাম প্রত্যাহার এবং এএফসির পয়েন্ট হিসাবে নানান বিভ্রান্তি। শেষ পর্যন্ত এই বিভ্রান্তি কিছুটা জিইয়ে রেখেই এশিয়ান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটের হিসাব বলছে, সেরা রানারআপ দল হিসেবে ২০১৪ সালের মার্চে মালদ্বীপে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ।
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী পাঁচ গ্রুপের সেরা পাঁচ দল এবং সব মিলিয়ে সেরা দুই রানারআপ খেলবে মূল পর্বে; সঙ্গে যোগ হবে স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপে রানারআপ হয়ে সেরা দুই রানারআপের তালিকায় নাম লেখানোর অপেক্ষায় ছিল। এদিকে গতকাল ‘বি’ গ্রুপে পাকিস্তান ২-০ গোলে ম্যাকাওকে এবং কাজাখস্তান ১-০ গোলে তাজিকিস্তানকে হারানোয় বাংলাদেশ আজ শুক্রবার শুরু হতে যাওয়া ‘ই’ গ্রুপের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত সেরা দুই রানার আপের হিসেবে এগিয়ে থাকলো।
কারণ, বাংলাদেশ এই চার গ্রুপের মধ্যে গোল ব্যবধানে সেরা রানারআপ। এএফসির ওয়েবসাইটে প্রাপ্ত হিসেব অনুযায়ী ‘বি’ গ্রুপের রানার আপ বাংলাদেশের পয়েন্ট ৬, গোল পার্থক্য ৫। ‘এ’ গ্রুপের রানারআপ ভারতের পয়েন্ট ৬, গোল পার্থক্য ৪। ‘বি’ গ্রুপের রানারআপ তাজিকিস্তানের পয়েন্ট ৬, গোল পার্থক্য ৩ এবং ‘সি’ গ্রুপের রানারআপ লাওসের পয়েন্ট ৫, গোলপার্থক্য ২। এখন ‘ই’ গ্রুপ থেকে কেউ বেশি গোলপার্থক্যে রানারআপ হলেও বাংলাদেশ অন্তত দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে যাওয়া নিশ্চিত করেছে।
ব্রুনাই কাল সন্ধ্যায় ‘ই’ গ্রুপ থেকে হঠাত্ করে সরে দাঁড়ালেই বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠা নিয়ে জটিলতা দেখা দেয়। কারণ বাফুফে’র দায়িত্বপ্রাপ্তরা সঠিক হিসেব কি বলতে পারছিলেন না। একবার বলা হলো বাংলাদেশের সম্ভাবনা নেই। যুক্তি হিসেবে বলা হলো এএফসির আইনে আছে যে গ্রুপে সবচেয়ে কম খেলা হবে, বাকী গ্রুপগুলোতেও সেই পরিমাণ খেলা আমলে নেওয়া হবে। ব্রুনাই না থাকায় ‘ই’ গ্রুপে খেলা হওয়ার কথা ২টি। ফলে বাংলাদেশের ১টি খেলা বাদ যাবে। আর আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রুপের দুর্বলতম দলের বিপক্ষে ফলই বাদ যাওয়ার কথা।
এরকম হিসাবে বাংলাদেশের সম্ভাবনা আর থাকে না। কিন্তু রাতেই আবার বাফুফে থেকে এএফসির ওয়েবসাইটের একটি লিংক দিয়ে বলা হলো, ব্রুনাই শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছে বলে তাদের টুর্নামেন্টের হিসাব থেকে বাদ দেয়া হবে না। তাদের বিপক্ষের দল তিনটিকে ৩-০ গোলে জয়ী দেখানো হয়েছে। ফলে আবার পুরোনো হিসেব কার্যকর হলো। সেই হিসেবে বাংলাদেশ মূলপর্বে!
এখন দেখার বিষয়, এটাই চূড়ান্ত কথা কি না!
