মিঠাপুকুরে ১৬টি বাড়িতে অগ্নিকাণ্ড

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৫০
মিঠাপুকুর উপজেলায় পৃথক ২টি অগ্নিকাণ্ডে ১৬টি বসতবাড়ি পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে কাফ্রিখাল ও বড় হযরতপুর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছে । জানা যায়, উপজেলার কাফ্রিখাল কোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ঘরে বিদ্যুত্রে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই বাড়িসহ আশপাশের প্রায় ১৩টি ঘর এবং গরু, ছাগল, হাঁস, মুরগি, আসবাবপত্রসহ ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হন শফিকুলের স্ত্রী মকছুদা বেগম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে একই রাতে ছোট হযরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে পরিবারের লোকজন দাবি করেন। গোয়াল ঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত। এতে আমজাদের ৩টি ঘর ও আয়নালের ২টি ঘর পুড়ে যায়।