হোয়াইট ওয়াশের লক্ষ্য ভারতের

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:০০
সফরকারী অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে ভারত আজ দিল্লীতে চার টেস্টের সিরিজের শেষটিতে মাঠে নামছে। একই সঙ্গে স্বাগতিকদের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। কারণ নিজেদের ৮১ বছরের টেস্ট ইতিহাসে ভারত এর আগে কোন দলের বিরুদ্ধেই এক সিরিজে টানা চারটি ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানোর ফলে দিল্লীতে শুরু হতে যাওয়া এই ম্যাচে চাপে থাকবে অস্ট্রেলিয়াই। মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ১৯৯৩ সালে গ্রাহাম গুচের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে হারিয়ে ভারত হোয়াইট ওয়াশের স্বাদ পায়। তবে সেটি ছিল তিন ম্যাচ সিরিজ। ১৯৩২ সালে লর্ডসে টেস্ট অভিষেকের পর তারা এখনো পর্যন্ত কোন দেশকেই একই সিরিজে টানা চারটি ম্যাচে হারাতে পারেনি। চেন্নাই, হায়দ্রাবাদ এবং মোহালিতে গত তিনটি টেস্টে এক সময়ের প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে প্রায় একতরফাভাবে হারানোর পর সেই বিরল রেকর্ডের সামনে এখন দাঁড়িয়ে আছে মহেন্দ্র ধোনির দল। সংশয়বাদীরা অস্ট্রেলিয়ার এই দলকে তাদের ইতিহাসের সবচেয়ে অনভিজ্ঞ দল বলে মনে করছে। তাই ভারতের সাফল্যকে বড় করে দেখতে নারাজ তারা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ১-২ ব্যবধানে সিরিজ হারের পর এই সিরিজের পারফরম্যান্স যে ধোনির জন্য স্বস্তি বয়ে নিয়ে এসেছে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন না ‘মিস্টার কুল’। তিনটি টেস্টেই অজিদের বিধ্বস্ত করলেও একে মোটেই আগের সিরিজ হারের ‘প্রতিশোধ’ বলতেও রাজি নন তিনি। তবে দিল্লী টেস্টে অজিদের হারিয়ে ইতিহাসের অংশ হতে খেলোয়াড়রা যে মুখিয়ে আছে সেটা স্বীকার করতে তার মোটেই আপত্তি নেই। ধোনি বলেন, ‘ক্রিকেটে প্রতিশোধ বলতে কিছু নেই। ওদের মাটিতে সিরিজ হারের বদলা নেয়ার চিন্তাই করি না আমি। আমাদের লক্ষ্য সিরিজ জয়।’ ফিরোজ শাহ কোটলার নিচু এবং ধীর উইকেটে কাগজে-কলমে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে ভারত। আগের তিনটি টেস্টের মতো এই টেস্টেও অজি ব্যাটসম্যানদের মূল পরীক্ষা দিতে হবে ভারতের স্পিনারদের বিরুদ্ধে। তবে এ ম্যাচের আগে দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে অধিনায়ক মাইকেল ক্লার্কের পিঠের ইনজুরি। এজন্য ম্যাচ-পূর্ব অনুশীলনেও থাকতে পারেননি তিনি। সিরিজে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল এই ব্যাটসম্যানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান নির্বাচকরা। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে তার জায়গায় অধিনায়কত্ব করবেন এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা শেন ওয়াটসন। এর আগে ইনজুরির কারণে পেসার মিচেল স্টার্ককেও হারিয়েছে অস্ট্রেলিয়া।