ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হয়তো টুর্নামেন্টের শুরু থেকে দলের অধিনায়ক গৌতম গম্ভীরের সেবা পাচ্ছে না। জন্ডিসের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ থেকে দিল্লিতে শুরু হওয়া চতুর্থ টেস্টে ইনজুরি আক্রান্ত শিখর ধাওয়ানের বদলে দলে সুযোগ পেয়েছিলেন গম্ভীর। তবে তার রক্ত পরীক্ষা করা হলে জন্ডিস ধরা পড়ে এবং তাকে দল থেকে বাদ দেয়া হয়। তার বদলে দলে নেয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রাইনাকে। এখনো পাওয়া তথ্য মতে খেলায় ফেরার জন্য গম্ভীরকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
গম্ভীরের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস অথবা নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে কেকেআর-এর নেতৃত্ব দেয়ার সম্ভাবনা আছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএল দ্বিতীয় আসরে দলটির নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে ম্যাককালামের।
তবে ক্যালিস যদি সুস্থ থাকেন এবং তাকে পাওয়া যায় তবে তিনি হবেন দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় এবং দলের সবাই তার প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং গম্ভীর প্রথমদিকে কয়েকটি ম্যাচে খেলতে না পারলে তার বদলে ক্যালিসই হয়তো অধিনায়ক পদে স্থলাভিষিক্ত হবেন। —বাসস।
