ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, পাড়া-মহল্লায় জনগণকে সাথে নিয়ে জামায়াত-শিবিরের অপপ্রচার ও তাণ্ডবের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার পল্টন কমিউনিটি সেন্টারে সর্বদলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক আবুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, মহানগর নেতা মোস্তফা আলমগীর রতন, সেন্ট্রাল মিডিয়া সেল সম্পাদক রফিকুল ইসলাম সুজন, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, গোলাম আশরাফ তালুকদার, জাহিদুল ইসলাম টিপু, মুস্তবা জামান পপি, ন্যাপের নেতা নাসিমা হক রুবি, কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট হেদায়েত, জাসদের জাকির হোসেন, গণতন্ত্রী পার্টির কমল ঘোষ, সাম্যবাদী দলের দেলোয়ার হোসেনসহ ১৪ দল, সিপিবি, বাসদ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধী শক্তি আজ দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এদের উস্কে দিচ্ছে প্রধান বিরোধী দল। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এ যুদ্ধে জনতার বিজয় প্রতিষ্ঠা করতে হবে।
