স্বামীর দেওয়া আগুনে দগ্ধ তন্নীও না ফেরার দেশে

আপডেট : ০৫ মে ২০১৯, ২৩:০২

মিঠাপুকুরে যৌতুকের টাকা না পেয়ে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ তন্নী আক্তার (২৪) মারা গেছেন। প্রায় শতভাগ পোড়া শরীর নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী ওয়াসিম মিয়ার সঙ্গে ৫ বছর আগে খোর্দ্দ মহদীপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে তন্নী আক্তারের বিয়ে হয়। তাদের ৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তন্নীকে নির্যাতন করতেন ওয়াসিম। সম্প্রতি বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে চাপ দেন তন্নীকে। কিন্তু গরিব বাবার সংসার থেকে টাকা আনতে অস্বীকৃতি জানানোয় গত বৃহস্পতিবার বিকালে তন্নীকে বেধড়ক মারধর করে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আশপাশের লোকজন তন্নীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রংপুর মেডিক্যাল কলেজের আইসিইউ বিভাগের প্রধান মারুফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তন্নীর চাচা আবদুল মতিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস বলেন, গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনায় ইতোমধ্যে স্বামী ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।