নড়াইলে জাল দলিল মামলায় দম্পতিসহ ৬ জনের কারাদণ্ড

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৫
নড়াইলের চাঞ্চল্যকর জাল দলিল মামলায় স্বামী-স্ত্রীসহ ৬ জনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত একজনকে খালাস দিয়েছেন । বুধবার জনাকীর্ণ আদালতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন ঢাকার মোহাম্মদপুরের বাইতুল আমান হাউজিং সোসাইটির বাসিন্দা ও যশোর কোতোয়ালী থানার পুরাতন কসবা এলাকার রাজেশ্বরী ফিসারিজ এন্ড পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রাজেশ্বরী, স্বামী মো. ফিরোজ রায়হান, যশোরের শাহীন সিকদার, মো. হাবিবুর রহমান, নড়াইলের আ. রাজ্জাক মোল্লা ও আসলাম ফকির। এদের মধ্যে মিসেস রাজেশ্বরী, মো. ফিরোজ রায়হান, শাহীন সিকদার ও হাবিবুর রহমান পলাতক রয়েছেন। অন্য দুইজনকে সাজা পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, ২০০৬ সালের ১০ মে আসামিরা পরস্পর যোগসাজশে সদর উপজেলার ননীক্ষীর মৌজার ৪৬ একর ১ শতক জমি ৫টি ভুয়া দলিলের মাধ্যমে গ্রহীতা, সাক্ষী ও শনাক্তকারী হয়ে এবং ভুয়া দাতা দেখিয়ে রেজিস্ট্রি করে নেয়। এ ঘটনায় সদর উপজেলার রঙ্গলাল টিকাদার বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেন।