শিশু-কিশোর ও যুব সম্প্রদায়ের শারীরিক, মানসিক বিকাশ ও আধ্যাত্মিক শিক্ষা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিহার্য। কীভাবে সত্, কর্মঠ, উদ্যমী ও আত্মবিশ্বাসী মানুষ হতে হয় সেই শিক্ষাই মূলত স্কাউটিং। সরকার স্কাউটিংকে অনার্স লেভেলের পাঠ্যসূচিতে অর্ন্তভুক্ত করেছে। একই সাথে স্কাউটিংকে এগিয়ে নিতে এবং এর দীক্ষায় শিক্ষার্থীদের আলোকিত করতে ব্যাপক ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ২০১২ সাল থেকে তারা সকল শিক্ষার্থীদেরকে স্কাউটিংয়ের আওতায় নিয়ে আসার লক্ষ্যে শুরু করে তাদের কার্যক্রম। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ক্যাম্পাসে সপ্তাহে একদিন নির্দিষ্ট সময়ে প্যাক মিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিংয়ের মাধ্যমে নিয়মিত তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাস পরিচালিত হচ্ছে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ ২০১২ সালের ২০ নভেম্বর অংশগ্রহণ করে তাদের এপিআর স্কাউট কনফারেন্সের লিডার ট্রেইনিং কোর্সের সোশ্যাল ইভেন্টে, ২৪ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে এবং ২৭ নভেম্বর বি-এটাস-এ। এ ছাড়া ২০১২ সালের ২৩-২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আঞ্চলিক স্কাউট সমাবেশ। এই সমাবেশে ক্যামব্রিয়ানের তিনটি দল অংশগ্রহণ করে। এ বছর ২২ ফেব্রুয়ারি বিএসবি ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ক্যামব্রিয়ান স্কাউট গ্রুপের এই ‘ডে ক্যাম্প’। উক্ত ডে ক্যাম্পে বিএসবি ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠানের কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, ইউনিট লিডার, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা, স্কাউট ও রোভার সেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন। স্কাউট ডে ক্যাম্পের উদ্বোধনের পর বিএসবি ফাউন্ডেশনের অর্থায়নে রোভার প্রশিক্ষণ কেন্দ্রে একটি স্থায়ী মঞ্চের (ক্যামব্রিয়ান মঞ্চ) উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন এমকে বাশার। এই মঞ্চে আগামী দিনে প্রশিক্ষণরত স্কাউটরা তাদের বিভিন্ন অনুষ্ঠান অত্যন্ত সাবলীল ও দৃষ্টিনন্দনভাবে পরিচালনা করতে পারবেন। স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন উপলক্ষে এশিয়ার মধ্যে স্কাউট গ্রুপের সর্ববৃহত্ কেক কাটা হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ৬ হাজার কাব, স্কাউট ও রোভার স্কাউটসহ তাদের অভিভাবক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও সমাজের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গসহ প্রায় ১২ হাজার লোক উপস্থিত ছিলেন।
