আগৈলঝাড়ায় অন্তঃস্বত্তা প্রেমিকাকে হত্যার অভিযোগ

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৭
আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামে প্রেমিক কর্তৃক একই গ্রামের এইচএসসি পরীক্ষার্থী অন্তঃস্বত্তা প্রেমিকাকে কৌশলে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারকে জিম্মি করে রাখায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না। নিহতের পিতা জানান, তার মেয়ে উজিরপুর উপজেলার জল্লা আইডিয়াল স্কুল এণ্ড কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীর সাথে একই গ্রামের মৃত আকবর আলী হাওলাদারের পুত্র লোকমান হাওলাদারের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। লোকমান বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। সে অন্তঃস্বত্তার বিষয়টি লোকমানকে জানায় এবং বিয়ের জন্য তার ওপর চাপ প্রয়োগ করে। এতে লোকমান নানা টালবাহানা করে মেয়েটির গর্ভপাত করানোর জন্য মরিয়া হয়ে ওঠে। গত ৯ মার্চ রাতে কৌশলে লোকমান কবিরাজী ঔষধের সাথে বিষ মিশিয়ে মেয়েটিকে খাওয়ায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মেয়েটি মারা যায়। সু-চতুর লোকমান তড়িঘড়ি করে মেয়েটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন করে। সেই থেকে প্রভাবশালী লোকমান ও তার লোকজন নিহত মেয়েটির পরিবারকে জিম্মি করে রেখেছে। নিহত মেয়েটির পিতা অভিযোগ করেন, লোকমানের ভাড়াটে সন্ত্রাসীরা তাকে ও তার পরিবারকে জিম্মি করে রাখায় তিনি মামলা দায়ের করতে সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।