ইসরাইল ও ফিলিস্তিনকে শান্তি আলোচনার আহ্বান ওবামার

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইল ও ফিলিস্তিনকে শান্তি আলোচনা শুরুর আহবান জানিয়েছেন। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার তিনি এই আহবান জানান। এছাড়া, পশ্চিম তীর সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ’। জেরুজালেমে বিশ্ববিদ্যালয়ের ইসরাইলি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণে সরাসরি শান্তির আহ্বান জানিয়ে ওবামা বলেন, ‘‘নিজেদেরকে তাদের (ফিলিস্তিনিদের) জায়গায় দাঁড় করিয়ে দেখুন। তাদের চোখ দিয়ে বিশ্বকে দেখুন। ফিলিস্তিনি শিশুরা তাদের নিজস্ব একটি রাষ্ট্রে বেড়ে উঠতে পারবে না, বিদেশি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণের মধ্যে চলাফেরা করে তাদের প্রতিটি দিন কাটবে, এটি ঠিক নয়। ইসরাইলকে ফিলিস্তিনিদের অবস্থানে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব অনুধাবন করতে হবে।’’ ফিলিস্তিনকে কোনোরকম পূর্বশর্ত ছাড়া শান্তি আলোচনায় ফেরার তাগাদা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ইহুদি বসতি স্থাপন যে শান্তিপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে তা ইসরাইলকে স্বীকার করতেই হবে। এর আগে একইদিন পশ্চিম তীর সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ’। এ সময় ওবামা ইসরাইলের বসতি স্থাপনকে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য যথাযথ’ পদক্ষেপ নয় বলে মন্তব্য করেন। কিন্তু ইসরাইলকে এ বসতি স্থাপন বন্ধের আহ্বান জানাননি ওবামা। বরং মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শুরুর আগে ফিলিস্তিনকে বসতি স্থাপন বন্ধের শর্ত পরিহার করে আলোচনায় ফেরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “দু’পক্ষে মতবিরোধ থাকলেও সেটাকে অজুহাত হিসাবে নিয়ে কোনোকিছুই না করে বসে থাকা উচিত না”। এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, রামাল্লায় ওবামার সঙ্গে খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে। প্রসঙ্গত, তিনদিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথমদিনে ওবামা বুধবার ইসরাইল সফর করেন। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য তিনি ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে পশ্চিম তীরের রামাল্লায় যান। গতকাল ২২ মার্চ তার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা রয়েছে।