ম্যাচে গোল না করলেও অস্কারের গোলটি আসে তার দেয়া বল থেকেই। আর সব মিলিয়ে ম্যাচের পারফরম্যান্সে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী কোচ লুইস ফিলিপ স্কলারির মন ঠিকই জিতে নিয়েছেন স্যান্তোস স্ট্রাইকার নেইমার। আর সেই কথা জানালো কোচ নিজেই। বৃহস্পতিবার ইতালির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। ম্যাচের পর কোচ জানিয়েছেন নেইমারের ব্যাপারে নিজের সন্তুষ্টির কথা।
সেই সাথে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী এই কোচ বিশ্বাস করেন দলটি তার নির্দেশনা সঠিকভাবে পালন করেছে। ইতালি যদি গোল করতে না পারতো তো ব্রাজিল বিজয়ী বেশে মাঠ ছাড়তে পারতো। স্কলারি বলেন, ‘নেইমারের সেরা একটি ম্যাচ। কৌশলগতভাবে এটা ছিল নিখুঁত। আমরা দলকে যেভাবে বলেছি তারা সেভাবেই খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাজিলিয়ান দলের এটা করা জরুরি। কারণ তাদের মধ্যে চরিত্র রয়েছে।’
স্কলারি এছাড়া ল্যািসওর হার্নানেস এবং গ্রেমিও‘র ফার্নান্দোর নৈপুণ্যের প্রশংসাও করেছেন। এই দুইজন ব্রাজিলের মাঝমাঠ ধরে রেখেছিলেন ক্লান্তিহীন। স্কলারি আরো বলেন, ‘ফার্নান্দো ও হার্নানেস এই দুই খেলোয়াড় যারা মাঝমাঠের গুরুত্বপূর্ণ জায়গায় ভাল খেলেছেন। তারা অনেক ভাল ছিল। ভবিষ্যতের জন্য আমাদের দুইজন নতুন খেলোয়াড় রয়েছে। যারা তাদের কাজের দ্বারা প্রমাণিত করতে পারে।’
স্কলারি মনে করেন ইতালির প্রথম গোলটিই ম্যাচেই মোড় ঘুরিয়ে দেয়। ব্রাজিল যদি আর একটি গোল করতে পারতো তবে অন্যরকম কিছু ঘটতে পারতো।
এদিকে ম্যাচ শেষে নেইমার বালোতেল্লির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি বালোতেল্লির একজন বড় সমর্থক। তিনি সেরা মানের একজন খেলোয়াড়।’
ম্যাচের ব্যাপারে নেইমার বলেন, ‘আমার মতে সেলেসাওরা ভালো ফুটবল উপহার দিয়েছে। যতোই দিন যাচ্ছে পাসিংয়ের ক্ষেত্রে আমরা ততোই উন্নতি করছি। আমাদের ফুটবলের মান দিন দিন বাড়ছে। আমরা দল হিসেবে এখন অনেক বেশি পরিণত। দলে বেশ কিছু ভালো খেলেয়াড় আছে।’
