তৃতীয় রাউন্ডে উঠলেন ফেভারিটরা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৩২
মিয়ামি মাস্টার্স টেনিসের শুরুটা ভালোই হলো ফেভারিটদের। মেয়েদের লড়াইয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, চুতর্থ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কা ও নবম বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। আর ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলজিয়ামের ডেভিড গফিন, কলাম্বিয়ার আলেজান্দ্রো ফালা এবং অস্ট্রেলিয়ার বার্নাড টমিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস দিয়ে চলতি বছরের শুরুটা করেছিলেন সেরেনা। কিন্তু বছরের যাত্রাটাকে স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। কারণ কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সেরেনা। বছরের প্রথম গ্র্যান্ডস্ল¬্যামের পর আরও দুইটি টুর্নামেন্টে অংশ নেন সেরেনা। সেখানেও ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত থাকে । শিরোপার স্বাদ নিতে পারেননি কোনটিতেই। তাই বছরের প্রথম শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে মিয়ামি মাস্টার্সে খেলতে নামেন সেরেনা। নিজের লক্ষ্যের পথে ভালোই এগোচ্ছেন সেরেনা। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে সেরেনা ৬-১ ও ৬-১ গেমে হারিয়েছেন ইটালির অবাছাই ফ্লাভিয়া পেনেত্তাকে। ম্যাচ জয়ের পর সেরেনা বলেন, ‘আমার মনে হয় আমি কিছু শট মিস করেছি। কারণ আমার ফুট-ওয়ার্কে সমস্যা ছিল। তারপরও ম্যাচটি জিততে পেরে ভালোই লাগছে। আশা করছি পরবর্তী রাউন্ডে ভালো খেলবো।’ সেরেনার মতোই সহজ জয় পেয়েছেন রাদওয়ানস্কা ও লি না। চাইনিজ তাইপের হেসি সু-উইকে ৬-৩ ও ৬-২ গেমে হারান রাদওয়ানস্কা। আর অন্য ম্যাচে লি না ৬-৩ ও ৬-১ গেমে হারের তিক্ত স্বাদ দিয়েছেন নেদারল্যান্ডসের কিকি বারতিনসকে। দুই সেটেই জয় নিশ্চিত করেছেন সেরেনা, রাদওয়ানস্কা ও লি না। তবে জয়ের স্বাদ পেতে তিন সেট পর্যন্ত লড়াই করতে হয়েছে ওজনিয়াকি, কেভিতোভা ও ভেনাস উইলিয়ামসকে। ওজনিয়াকি ৫-৭, ৬-৩ ও ৬-৩ গেমে চেক প্রজাতন্ত্রের কারোলিনা পি¬জকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন। কেভিতোভা ৫-৭, ৬-২ ও ৬-২ গেমে হারান চীনের পেং সুয়াইকে। আর ভেনাস ৭-৬, ৩-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের কিমিকো ডেট-ক্রুমকে। ছেলেদের এককে শীর্ষ খেলোয়াড়দের খেলা না থাকলেও অবাছাইদের মধ্যে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলজিয়ামের ডেভিড গফিন, কলাম্বিয়ার আলেজান্দ্রো ফালা এবং অস্ট্রেলিয়ার বার্নাড টমিচ। গফিন ৭-৬, ৩-৬ ও ৬-১ গেমে নেদারল্যান্ডসের রবিন হাসিকে, ফালা ৭-৫ ও ৬-১ গেমে জাপানের গো সোয়েদাকে এবং টমিচ ৭-৫ ও ৭-৬ গেমে হারিয়েছেন ফ্রান্সের মার্ক গিসকুইয়েলকে। - বাসস