ফ্যাবিও কোয়েন্ত্রাওর অতিরিক্ত সময়ের গোলে গতকাল শুক্রবার বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে (ইউরোপ অঞ্চল) পর্তুগাল স্বাগতিক ইসরাইলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে।
রামাত গান স্টেডিয়ামে কাল ম্যাচের দ্বিতীয় মিনিটে পর্তুগাল ব্রুনো আলভেজের গোলে এগিয়ে গিয়েছিল। ২৪ মিনিটে গোলটি শোধ করে দেন স্বাগতিকদের টমার হেমাদ। ৪০ মিনিটে ইসরাইল ব্যবধান দ্বিগুণ করে এডেন বেন বাসাতের গোলে। দ্বিতীয়ার্ধেও ভাল খেলছিল ইসরাইল। ফলও পেয়েছে তারা। ৭০ মিনিটে স্বাগতিকরা রামি গারসনের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। দুই মিনিট পরই হেল্ডার পোস্টিগা পর্তুগালকে গোল দেন। রেফারি অতিরিক্ত চার মিনিট যোগ করেছিলেন। ৯৩ মিনিটে নাটকীয়ভাবে সফরকারীদের সমতায় ফেরান কোয়েন্ত্রাও দারুণ এক গোল এনে দিয়ে। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে খেললেও গোলের দেখা পাননি।
বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের গ্রুপ এফ এ পর্তুগাল-ইসরাইল। এই অঞ্চলের নয়টি গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। তবে দ্বিতীয়স্থান অধিকার করা দলকে খেলতে হবে প্লে অফ। রাশিয়া এই গ্রুপে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে। এক ম্যাচ বেশি খেলে সমান আট পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইসরাইল ও তৃতীয়স্থানে রয়েছে পর্তুগাল। মূল পর্বে যাওয়াটা কঠিনই হবে রোনালদোদের।
