ওপেনার পিটার ফুলটনের প্রথম টেস্ট সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণী অকল্যান্ড টেস্টের প্রথম দিনটি নিজেদের করে রাখলো স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ২৫০ রান তুলেছে কিউইরা।
সিরিজের প্রথম দুই টেস্টেই টস ভাগ্যে জিতেছিল নিউজিল্যান্ড। তবে তৃতীয় ও শেষ টেস্টে টস ভাগ্যে জয়ী হন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিষ্টার কুক। তাই প্রথমে কিউইদের ব্যাটিং করার আমন্ত্রণ জানান কুক। ফলে ব্যাটিং-এর সুযোগ পেয়ে দলকে ভালো সূচনাই এনে দেন স্বাগতিক দুই ওপেনার পিটার ফুলটন ও হামিশ রাদারফোর্ড।
ইংলিশ বোলারদের দেখেশুনে খেলে জুটিতে হাফ-সেঞ্চুরির কোঠা অতিক্রম করেন ফুলটন-রাদারফোর্ড। তবে দলীয় ৭৯ রানে জুটিটি ভেঙ্গে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার স্টিভেন ফিন। ব্যক্তিগত ৩৭ রান করে ফিনের শিকার হন রাদারফোর্ড। তার ৭৭ বলের ইনিংসে ২টি করে চার ও ছক্কার মার ছিল।
রাদারফোর্ডের বিদায়ের পর ব্যাট হাতে ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন ফুলটন ও কেন উইলিয়ামসন। বেশ দক্ষতার সাথে দলের স্কোরে রান জমা করতে থাকেন তারা। এরই মাঝে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ফেলেন ফুলটন। ১৩তম টেস্টে এসে তিন অংকে পা রেখেও ক্ষান্ত দেননি তিনি। দিন শেষে ১২৪ রানে অপরাজিত থেকে যান ফুলটন। তাই উচ্ছসিত ফুলটন দিন শেষে বলেন, ‘ইতিমধ্যে আমি অল্প কয়েকটি টেস্ট খেলেছি এবং অবশেষে ১৩তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলাম। তবে সত্যি করেই বলছি প্রথম সেশনে আমি কিছুটা নার্ভাস ছিলাম। তখন আশাও করিনি ভালো ইনিংস খেলতে পারবো। শেষপর্যন্ত সেঞ্চুরি করতে পেরে ভালোই লাগছে। আশা করছি, দ্বিতীয় দিনে ইনিংসটাকে বড় করতে পারবো।’
ফুলটনের সাথে বড় জুটি গড়ার পাশাপাশি ব্যাট হাতে নিজেও ঝলক দেখিয়েছেন উইলিয়ামসন। হাফ- সেঞ্চুরি তুলে ৮৩ রানে অপরাজিত আছেন তিনি। আর দ্বিতীয় উইকেটে ফুলটনের সাথে দলকে অনবদ্য ১৭১ রানও এনে দিয়েছেন উইলিয়ামসন।-বাসস/এএফপি
স্কোর কার্ড :
নিউজিল্যান্ড প্রথম ইনিংস
পিটার ফুলটন অপরাজিত ১২৪
হামিশ রাদারফোর্ড ক কুক ব ফিন ৩৭
কেন উইলিয়ামসন অপরাজিত ৮৩
অতিরিক্ত (বা-৪, লে বা-২) ৬
মোট (১ উইকেট, ৯০ ওভার) ২৫০
উইকেট পতন : ১/৭৯ (রাদারফোর্ড)।
বোলিং : জেমস এন্ডারসন ১৯-৫-৪৪-০, স্টুয়াট ব্রড ১৯-৫-৫৭-০, স্টিভেন ফিন ২২-৬-৬১-১, মন্টি প্যানেসার ২৫-৯-৭০-০, জনাথন ট্রট ৩-১-৭-০, জো রুট ২-১-৫-০।
