সবার অবদান চান ম্যাথুস

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৩৬
শ্রীলংকা দলটা এমনিতেই একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে। তার ওপর মাহেলা জয়বর্ধনে সিরিজ খেলতে পারছেন না ইনজুরির জন্য। বিশ্রামে পাঠানো হয়েছে এই সময় তাদের প্রধান ভরসা রঙ্গনা হেরাথকেও। সেক্ষেত্রে আজ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, নুয়ান কুলাসেকেরা, লাসিথ মালিঙ্গা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসই থাকলেন শুধু ভরসা করার মতো অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু সিরিজ শুরুর আগে গতকাল হাম্বানটোটায় সংবাদ সম্মেলনে ম্যাথুস বলছেন, তারা আসলে এই ক্রান্তিকালে এরকম এক দুজন ‘তারকা খেলোয়াড়ের’ ওপর ভরসা করতে চান না। তিনি বরং মনে করছেন, সিরিজ জিততে গেলে নবীন ও অভিজ্ঞ সবাইকে অল্প-বিস্তর অবদান রেখেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। ম্যাথুস যুক্তি দিয়েই বলছেন, সবাই মিলে পারফরম করার কোনো বিকল্প নেই, ‘জয় পেতে হলে দলের সবাইকেই বড় ভূমিকা রাখতে হবে। সবাইকেই অবদান রাখতে হবে। সবাইকে বুঝতে হবে যে, দলে প্রতিভাধর খেলোয়াড়ের অভাব নেই। আবার একই সঙ্গে আমরা দুই একজন তারকা খেলোয়াড়ের ওপর ভরসাও করব না। আমাদের দলের ১১ জনই পারফরম করতে পারবে। সেটা করলেই আমরা জয় পাবো।’ ম্যাথুসের এভাবে সবার ওপর ভরসা করার বিকল্প নেই। তার এই স্কোয়াডে তিনজন অনভিষিক্ত খেলোয়াড় আছেন। দলে একমাত্র স্পেশালিস্ট স্পিনার সচিত্রা সেনানায়েকে এ পর্যন্ত মাত্র ৭টি ওয়ানডে খেলেছেন। ইনিংস শুরু করতে হতে পারে কুশল পেরেরার; তিনি মাত্র নিজের দ্বিতীয় ওয়ানডে খেলার অপেক্ষায় আছেন। এমনকি সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল এই কদিন আগে পর্যন্তও দলে নিয়মিত ছিলেন না। তবে এতকিছুর পরও আশাবাদী ম্যাথুস। তিনি মনে করছেন, অনেকদিন ধরে এই তরুণরা যেহেতু একসঙ্গেই বিভিন্ন ফরম্যাটে খেলছে; তাই ভালো ফল পাওয়া সম্ভব। আর সেজন্য তিনি সবার মুখের দিকেই চেয়ে আছেন। বিশ্বকাপ ২০১৪ বাছাই ওশেনিয়া অঞ্চল নিউজিল্যান্ড ২ নিউ ক্যালেডোনিয়া ১