আবাহনী কোচের অসন্তুষ্টি

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৩৬
আবাহনীর ইরানী কোচ আরদেশির পুরনামাথ কমলাপুর স্টেডিয়ামে ব্রাদার্সের বিরুদ্ধে জয়ের পরও দল নিয়ে তার অসন্তুষ্টির কথা জানালেন। ম্যাচ জিতেও খুশি নন তিনি। কারণ জানতে চাইলে অনেক সমস্যার কথা উঠে আসল তার কণ্ঠে। যদিও কিছু বিষয় এড়িয়ে গিয়ে বললেন, ‘যখন চলে যাবো জানাবো।’ কি জানাবেন, প্রশ্ন করলে বললেন, ‘আছে, বলব তবে এখন না।’ আবাহনীর ফুটবলারদের মধ্যে ইনজুরি সমস্যা চলছে। অধিনায়ক সুজন, ঘানাইয়ান সামাদ ইউসুফ, প্রাণতোষ আহত, গতকাল তারা মাঠে নামতে পারেননি। ওয়ালী ফয়সাল, কোমলসহ আরো কয়েক ফুটবলার ইনজুরি সমস্যা নিয়ে খেলছেন। এতো ইনুজরির কারণ ধানমন্ডিতে নিজেদের অনুশীলন মাঠ ভালো না। অনুশীলন করে খেলোয়াড়রা আহত হচ্ছেন। রিজার্ভ বেঞ্চ শক্তিশালি না। বেঞ্চের দিকে তাকিয়ে বলছিলেন, ‘বেঞ্চ খালি। যথেষ্ট পরিমাণ খেলোয়াড় নেই। তারপরও বললেন, চ্যম্পিয়ন হতে চান। স্বাধীনতা দিবস কাপ, সামনে মে মাসে এএফসি প্রেসিডেন্ট কাপ, রয়েছে পেশাদার ফুটবল লিগ। সব কয়টিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তার। কিন্তু কিছু সমস্যা তাকে ভোগাচ্ছে।’ কোচ আরদেশির পুরনামাথ আরো বলেন, ‘একাধিক সমস্যা। মাঠ ভালো না। খেলোয়াড়রা আহত হচ্ছে। প্লেয়াররা নিজেরাও সমস্যা। অনুশীলন করে বিশ্রাম নিচ্ছে না তারা। তাতে ভালো খেলাটা আদায় করা যাচ্ছে না। বলতে সমস্যা নেই দলের খেলোয়াড়রা ৭০ মিনিটের বেশি খেলতে পারছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রেসিডেন্ট কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেত চাই। কিন্তু ৭০ মিনিটের খেলোয়াড় দিয়ে কিভাবে সম্ভব সেটা বুঝে উঠতে পারছি না-বললেন কোচ।’ খেলোয়াড়দের উপর হতাশ ইরানি কোচ। যে কারণে তাদের উপর চাপ কমিয়ে দিয়েছেন তিনি। কমলাপুর স্টেডিয়ামের মাঠ খুবই খারাপ। তবে আবাহনী কোচ সেই মাঠ দেখিয়ে বললেন, ‘এটা আবাহনীর অনুশীলন মাঠের চেয়ে ভালো।’