মূল পর্বের কাছে নিউজিল্যান্ড

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:৩৭
নিউজিল্যান্ড ২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা আরো উজ্জ্বল করলো। গত বৃহস্পতিবার ডানেডিনে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বে ইনজুরি সময়ে টমি স্মিথের করা গোলে নিউ ক্যালেডোনিয়ার বিরুদ্ধে ২-১ গোলের জয়টি নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের পথে এক ধাপ এগিয়ে থাকলো অল হোয়াইটরা। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ। নিউজিল্যান্ড অবশ্য দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালে অনুষ্ঠিত ফুটবলের সর্ববৃহত্ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিল। তবে চূড়ান্ত পর্বে খেলতে হলে দুই লেগের প্লে অফ ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডকে। তাদের প্রতিপক্ষ হবে কনকাকাফ অঞ্চলের চতুর্থ হওয়া দল। স্মিথ ৯৪ মিনিটে হেড থেকে জয়সূচক গোলটি করেন। ক্রিস্টোফার কিলেনের গোলে এই খেলায় এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু সিজার লোলোহিয়া নিউ ক্যালেডোনিয়াকে সমতায় ফেরান খেলার ৫৬ মিনিটে। ওশেনিয়া অঞ্চলে বাছাইপর্বে ছয় পয়েন্ট পেয়ে বর্তমানে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।